ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের দোভাগী নামোজগন্নাথপুরে মসকলাইয়ের ক্ষেত থেকে রোববার ভাদু (৪৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে ভাদুর লাশ উদ্ধার করা হয়।

মৃত ভাদু দূর্লভপুর ইউনিয়নের দোভাগী নামোজগন্নাথপুর গ্রামের মৃত কাওসার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কৃষক ভাদুকে স্থানীয় ফিল্ডের হাট এলাকায় দেখা যায়। তারপর সে আর বাড়ি ফিরে যায়নি।
নিহতের ভাই আতিকুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরেই ভাদুকে হত্যা করা হয়েছে। প্রায় এক বছর থেকে স্থানীয় কয়েকজনের সাথে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। ওই ঘটনায় একাধিক মামলাও রয়েছে। প্রতিশোধ নিতেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।
সকালে পার্শ্ববর্তী একটি মসকলাইয়ের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা শিবগঞ্জ থানায় খবর দেয়। পরে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
স/শ









