সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২১ নভেম্বর) বাহরাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই উপসাগরীয় দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো শিল্প স্থাপনাটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলটির অবস্থান বা প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সম্ভাব্য হুমকির কথা জানিয়ে বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল মন্ত্রণালয়। পরে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে দ্বিতীয়বার সতর্কবার্তা পাঠানো হয়।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ইরানি বিমান হামলা প্রতিহত করেছে। প্রতিহত করা হামলা থেকে ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে কিছু বস্তুগত ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

তেহরান দেশটির প্রতি তার ‘পরিকল্পিত বৈরী মনোভাব’ অব্যাহত রেখেছে বলেও দাবি করে বাহরাইন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, চলমান আগ্রাসন এবং ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে মার্কিন অবস্থানগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ইরানের এই দাবির বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে আঞ্চলিক এই সংঘাত তীব্র আকার ধারণ করে। এর পর থেকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে এবং অঞ্চলজুড়ে বারবার ইরানি হামলার ঘটনা ঘটছে।

বাহরাইনও সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি ইরানি বিমান হামলা প্রতিহত করার খবর দিয়েছে।