সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের ধানখেত থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারের সময় হৃদয়ের শ্বাস চলছিল, তবে তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় পুলিশের সহায়তায় প্রথমে তাকে বনপাড়া আমিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ মেসে থাকতেন তিনি।
স্থানীয় বাসিন্দা ইখতিয়ার বলেন, শনিবার দুপুরে তার বড় বোন বাড়িতে এসে ধানখেতে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখার কথা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে ধানখেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তার পিঠে একটি ব্যাগ বাঁধা ছিল এবং শরীরে থাকা টি-শার্ট ও ট্রাউজার প্যান্ট ভেজা ছিল।
ইখতিয়ার জানান, তার শ্বাস চলছিল, কিন্তু ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে পরিবারের সদস্য ও পরিচিতদের ডেকে তাকে বাড়িতে নিয়ে আসি। ভেজা কাপড় খুলে গরম পোশাক পরিয়ে ঘরে শুইয়ে রাখি। এরপর বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।
স্থানীয় আরেক বাসিন্দা জাফর বলেন, প্রথমে হৃদয়কে ধানখেতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। হৃদয়ের ব্যাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়-সংক্রান্ত তথ্য পাওয়া যায়। বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানান। পরে বড়াইগ্রাম থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি অ্যাম্বুলেন্স পাঠান। অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, ধানখেতটি বনপাড়া-ঢাকা মহাসড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে। সেখানে যাওয়ার রাস্তা কাদায় ভরা থাকায় হৃদয়কে উদ্ধার করে বাইরে নিয়ে আসতে বেশ কষ্ট হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাতে ইখতিয়ার আরও জানান, হৃদয়কে উদ্ধারের আগে রাতের দিকে ওই এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন কয়েকজন। এ সময় স্থানীয় লোকজন তাকে খাবার দিতে চাইলেও তিনি কিছু খাননি বলে জানান তারা। তবে ওই সময় তার আচরণ ও অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর হৃদয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হৃদয় এখনো কথা বলতে পারছেন না। ফলে কীভাবে তিনি বড়াইগ্রামে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা-পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে কথা বলতে পারলে ঘটনার বিস্তারিত জানা যাবে। এরপর দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।-সূত্র: ঢাকা পোস্ট










