সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতিসংঘসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পায়।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
এ প্রেক্ষাপটে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তার এ সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন ইস্যুতে আলোচনার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।










