নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর রাণীনগর উপজেলার সিংগারপাড়ার গ্রামে মোঃ ইসমাইল হোসেনের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ীর লোকজনদেও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায। মাত্র পাঁচ দিনের ব্যবধানে রানীনগর উপজেলার দুর্ধর্ষ দুটি ডাকাতির ঘটনায় এলাকার সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
সিংগারপাড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন প্রামাণিকের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম সিল্কসিটিনিউজকে জানান, বুধবার দিবাগত রাত অনুমান ১টার সময় বাড়ির মধ্যে ৭-৮জন অচেনা লোক হাতে লাঠি নিয়ে প্রবেশ করে। তারা বাড়ির মধ্যে প্রবেশ করে বারান্দার তালা কেটে ৩টি ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে। ডাকাতরা স্টিলের আলমারীর সিন্ধুক ভেঙ্গে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। বাড়ির বাহিরে ঘরের প্রতিটি জানালায় ৩-৪জন করে ডাকাতরা অবস্থান করার কারণে আমরা বাহিরের কাউকে ডাকতে পারেনি। ডাকাতদের মুখ খোলা ছিল তবে কাউকে চিনতে পারেনি বাড়ীর লোকজন।
গৃহকর্তা ইসমাইল হোসেন জানান, এই ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। শুধুমাত্র মৌখিক ভাবে জানানোর পর থানা থেকে পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে জানান, ডাকাতির ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জোর প্রস্তুতি ও অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটার ৫ দিনের মাথায় বুধবার দিবাগত রাতে উপজেলার সিংগারপাড়া গ্রামে মো: ইসমাইল হোসেন প্রামাণিকের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এক সপ্তাহের মধ্যে দুইটি ডকাতির ঘটনা মানুষের মাঝে এক ডাকাতি আতংক ছড়িয়ে দিয়েছে। এলাকাবাসী মনে করছেন আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতির কারণে এলাকায় হঠাৎ করেই চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে।
স/শ










