নওগাঁ

নওগাঁয় প্রসূতির মৃত্যুতে চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


নওগাঁয় সিজারের সময় পেটে গজ কাপড় রেখে সেলাই করে দেওয়ার পর প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে এক ব্যক্তি তার পরিবারকে ভালোভাবে সিজার করানোর কথা বলে ৮ হাজার টাকায় শহরের বেসরকারি মেট্রো হাসপাতালে নিয়ে যান। ওই রাতে রাহী মুনীর অস্ত্রোপচার করেন চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন।

অস্ত্রোপচারের পর থেকেই রাহী মুনীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। পরদিন অবস্থার আরও অবনতি হলে মেট্রো হাসপাতালে দ্বিতীয়বার তার পেটে অস্ত্রোপচার করা হয়। এ সময় পেটের ভেতর থেকে গজ কাপড় বের করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল রাহী মুনী মারা যান।

আদালত পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নওগাঁর পুলিশ সুপারকে ময়নাতদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ২২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বুধবার ধার্য তারিখে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

সূত্র: ঢাকা পোস্ট