লাইফ স্টাইল

ফ্রিজ যেন জীবাণুর আঁতুড়ঘর না হয়

নিউজ ডেস্ক৯ মে ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফ্রিজ খুবই প্রয়োজনীয় যন্ত্র। খাবার দীর্ঘক্ষণ ভালো রাখাসহ, রান্না করা তরকারি সংরক্ষণ কিংবা ফল-সবজি সতেজ রাখতে এর বিকল্প নেই। তবে নিয়মিত পরিষ্কার না করলে এটিই হয়ে উঠতে পারে জীবাণুর নিরাপদ আশ্রয়স্থল।

ফ্রিজ যেন জীবাণুর আঁতুড়ঘর না হয়ে উঠে সেটি নিয়ে ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, কাঁচা মাছ-মাংস, সবজি, রান্না করা খাবার, সস কিংবা মেয়াদোত্তীর্ণ পণ্য—সব মিলিয়ে ফ্রিজের ভিতরে জমতে থাকে নানা ধরনের ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ।

এ ছাড়া কম তাপমাত্রার কারণে অনেক জীবাণুই দীর্ঘ সময় টিকে থাকতে পারে খাবারের গায়ে।
ফলে ফ্রিজে শুধু খাবার রাখলেই দায়িত্ব শেষ নয়, সেই খাবার নিরাপদ রাখতেও প্রয়োজন নিয়মিত পরিচ্ছন্নতা। তবে ফ্রিজ পরিষ্কার করা নিয়ে অনেকের মধ্যেই আলস্য কাজ করে। কারণ এটি সময়সাপেক্ষ এবং ঝামেলার বলেই মনে হয়।

অথচ কয়েকটি সহজ ধাপ মেনে চললেই ফ্রিজকে রাখা যায় পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও অনেকটাই জীবাণুমুক্ত।
প্রথমেই পুরো ফ্রিজ খালি করুন

ফ্রিজ পরিষ্কার করার আগে ভিতরে থাকা সব খাবার ও পণ্য বের করে নিন। যেসব খাবার নষ্ট হয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিন। অপ্রয়োজনীয়ভাবে ফ্রিজ ভর্তি করে রাখলেও দুর্গন্ধ ও জীবাণু দ্রুত ছড়ায়।

ফ্রিজ পুরোপুরি খালি করলে পরিষ্কার করাও অনেক সহজ হয়।
মৃদু গরম পানিতে ধুয়ে-মুছে নিন

হালকা উষ্ণ পানির সঙ্গে সামান্য বাসন মাজার তরল উপাদান মিশিয়ে নিন। সেই মিশ্রণ স্প্রে করে নিতে পারেন বা সুতি কাপড়ে লাগিয়ে ফ্রিজের ভিতরটা ভালো করে মুছে ফেলুন। কোথাও যদি শক্ত দাগ বা জমে থাকা ময়লা থাকে, তাহলে সেখানে বেকিং সোডার পেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই দাগ উঠে যাবে।

তাক ও ড্রয়ার আলাদা করে ধোয়া জরুরি

ফ্রিজের তাক ও ড্রয়ারগুলো খুলে আলাদা করে ধুয়ে নিন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। খুব গরম পানি ব্যবহার না করাই ভালো। কারণ অতিরিক্ত গরমে অনেক সময় প্লাস্টিকের ড্রয়ারে ফাটল ধরতে পারে। ধোয়ার পরে ভালো করে শুকিয়ে তবেই আবার ফ্রিজে রাখুন।

ফ্রিজের কোণ আর দরজার তাক পরিচ্ছন্ন রাখুন

ফ্রিজের কোণ, দরজার র‌্যাক বা রাবারের ফাঁকগুলোতে সবচেয়ে বেশি ময়লা জমে। অথচ এই অংশগুলোই সবচেয়ে বেশি উপেক্ষিত থাকে। পুরোনো টুথব্রাশ, বেকিং সোডা কিংবা ভিনিগারে সঙ্গে পানি মিশিয়ে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করুন। এতে দুর্গন্ধও যেমন কমবে তেমনি জীবাণুও কম হবে।

পরিষ্কারের পর দরজা মেলে দিন

অনেকেই ফ্রিজ পরিষ্কার করেই সঙ্গে সঙ্গে খাবার ভরে দেন। কিন্তু এতে ভিতরে আর্দ্রতা থেকে যেতে পারে। পরিষ্কার করার পরে কিছুক্ষণ, সম্ভব হলে সারা রাত ফ্রিজের দরজা খুলে রাখুন। এতে ভিতরটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং কোনও বাজে গন্ধও থাকবে না। তারপর আবার খাবার সাজিয়ে রাখুন।

নিয়মিত যত্নেই নিরাপদ থাকবে খাবার

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একবার ফ্রিজ পরীক্ষা করা এবং মাসে অন্তত একবার খুব ভালোভাবে পরিষ্কার করা উচিত। কারণ পরিষ্কার ফ্রিজ শুধু দুর্গন্ধ দূর করে না, খাবারের গুণগত মানও বজায় রাখে। তাই সামান্য যত্নই আপনার পরিবারের খাবারকে রাখতে পারে আরও নিরাপদ ও স্বাস্থ্যকর।