সদ্য প্রকাশিত
শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ শাহজালালে উড্ডয়নের সময় ইউএস-বাংলা উড়োজাহাজের চাকায় আগুন প্রতিহিংসা নয়, সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: এমপি মিলন গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: রাজশাহীতে নাহিদ মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র, আ. লীগ-পুলিশ সংঘর্ষ রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ২ ট্রেন (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ক#কটেল বি#স্ফো#রণের ঘটনা ঘটেছে র‍্যাপিডের গবেষণা তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার রাজশাহীতে ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহী

গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: রাজশাহীতে নাহিদ

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: রাজশাহীতে নাহিদ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, দলটির সঙ্গে হওয়া ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় এবং বর্তমান পরিস্থিতি সামাল দিতে না পেরেই বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে।

রোববার বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, “জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এর ফলে দলটির প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়েছে।”

আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি সাথে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতির সুযোগ পাবে না। দেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নির্মূল ও নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তিনি।

গঙ্গা পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত। ভারত এই অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে, আর সেই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে এ দেশের পতিত আওয়ামী লীগ শক্তি। তাই আমাদের এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করার এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।”

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম দেশের কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে বক্তব্য দেন। তিনি বলেন, “কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চাইনিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। আমরা এসব গণমাধ্যমকে চিহ্নিত করে রাখছি এবং তথ্য-প্রমাণ সংরক্ষণ (ডকুমেন্টেড) করছি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচারের পক্ষে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সেজে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারতের ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।
এর আগে, সমাবেশ শুরুর পূর্বে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে এসে যোগ দেন।