সিল্কসিটিনিউজ ডেস্ক:
শীত এলেই বাজারে পাওয়া যায় নানা ধরনের তাজা সবজি। গাজর, ফুলকপি, বাঁধা কপি, মটরশুঁটি কিংবা শিম—এসব মৌসুমি সবজি দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর স্যুপ।
ঠাণ্ডায় দিনে গরম গরম এক বাটি সবজির স্যুপ যেমন আরাম দেয়, তেমনি প্রতিদিনের খাবারেও যোগ করে বৈচিত্র্য। ঘরেই অল্প সময়ে কিভাবে তৈরি করবেন এই স্যুপ, জেনে নিন সহজ রেসিপি।

যেসব উপকরণ লাগবে
১টি মাঝারি আকারের গাজর, কুচি করা
আধা কাপ শিম, ছোট টুকরা করা
এক-চতুর্থাংশ কাপ মটরশুঁটি
আধা কাপ বাঁধাকপি কুচি
১টি ছোট পেঁয়াজ কুচি
১টি ছোট টমেটো কুচি
২ কোয়া রসুন কুচি
আধা ইঞ্চি আদা কুচি
১ টেবিল চামচ অলিভ অয়েল
৩ কাপ সবজির স্টক অথবা পানি
আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া
আধা চা-চামচ জিরার গুঁড়া
স্বাদমতো লবণ
১ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
যেভাবে তৈরি করবেন
১. সবজি প্রস্তুত করুন : প্রথমে সবজি ভালোভাবে ধুয়ে নিন। এরপর গাজর, শিম, বাঁধাকপি, পেঁয়াজ ও টমেটো ছোট ছোট করে কেটে নিন।
এতে সবজি দ্রুত সিদ্ধ হবে।
২. মসলা কশিয়ে নিন : একটি পাত্রে অলিভ অয়েল গরম করে তাতে রসুন, আদা ও পেঁয়াজ কুচি দিন। সুগন্ধ বের হওয়া পর্যন্ত হালকা আঁচে নেড়ে নিন। তবে বাদামি করে ভাজবেন না।
৩. সবজি যোগ করুন : এবার পাত্রে গাজর, শিম, মটরশুঁটি ও বাঁধাকপি দিয়ে তিন থেকে চার মিনিট নেড়ে রান্না করুন। এতে সবজির স্বাভাবিক স্বাদ ফুটে উঠবে।
৪. স্যুপ রান্না করুন : সবজির সঙ্গে টমেটো, সবজির স্টক বা পানি, জিরার গুঁড়া, গোলমরিচ ও লবণ মিশিয়ে দিন। পাত্রটি ঢেকে মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট রান্না করুন। সবজি নরম হয়ে এলে বুঝবেন স্যুপ তৈরি।
৫. পরিবেশন করুন : চুলা বন্ধ করার আগে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। প্রয়োজন হলে লবণ ও মসলার স্বাদ ঠিক করে নিন। এরপর গরম গরম স্যুপ পরিবেশন করুন টোস্ট করা পাউরুটির সঙ্গে।
নিজের পছন্দ অনুযায়ী স্যুপে আরো মৌসুমি সবজি যোগ করতে পারেন।










