সদ্য প্রকাশিত
জাতীয়

আর্থিক সংকটের কথা লুকিয়ে রাখলে বাড়ে মানসিক চাপ

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৬৪ মিনিট পড়া
আর্থিক সংকটের কথা লুকিয়ে রাখলে বাড়ে মানসিক চাপ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অর্থনৈতিক সংকট শুধু মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলে না, তৈরি করতে পারে গভীর মানসিক চাপও। বিশেষ করে আর্থিক সমস্যার কথা অন্যদের কাছে প্রকাশ করতে সংকোচ বা লজ্জাবোধ করলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

অনেক সময় অর্থের অভাবের পাশাপাশি অন্যের বিচার ও সমালোচনার ভয়ও মানুষের মানসিক কষ্ট বাড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডে-তে প্রকাশিত এক নিবন্ধে অর্থনৈতিক সংকটের সঙ্গে জড়িয়ে থাকা লজ্জাবোধ এবং এর মানসিক প্রভাব তুলে ধরা হয়েছে। প্রকাশিত নিবন্ধটির লেখক আর্থিক সুস্থতা নিয়ে গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে দেখিয়েছেন, অর্থ নিয়ে লজ্জা মানুষকে কীভাবে নিজের আর্থিক পরিস্থিতি থেকে দূরে সরিয়ে দিতে পারে।

নিবন্ধে বলা হয়েছে, ২০২৫ সালে ব্যাংকরেটের এক জরিপে যুক্তরাষ্ট্রের ৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, নিজেদের ব্যাংক হিসাবে কত টাকা আছে, তা নিয়ে অন্যদের সঙ্গে কথা বলতে তারা অস্বস্তি বোধ করেন।

ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন ৫১ শতাংশ, রাজনৈতিক মতামত নিয়ে ২৪ শতাংশ এবং ধর্ম নিয়ে ১৮ শতাংশ।
অর্থ নিয়ে লজ্জার দুই রূপ

অর্থনৈতিক লজ্জাবোধ সাধারণত দুইভাবে কাজ করে। প্রথমটি নিজের প্রতি নেতিবাচক ধারণা। এ ক্ষেত্রে কেউ মনে করেন, তিনি অর্থ ব্যবস্থাপনায় দক্ষ নন কিংবা অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন না।

অন্যরা সবাই অর্থ সামলাতে পারলেও তিনি পারছেন না—এমন ধারণা থেকে নিজের প্রতি একধরনের হীনম্মন্যতা তৈরি হয়।
দ্বিতীয়টি হলো অন্যের বিচার বা সমালোচনার ভয়। আর্থিক অবস্থার কারণে মানুষ তাকে ছোট করে দেখবে, সামাজিক মর্যাদা কমে যাবে কিংবা তাঁর জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলবে—এমন আশঙ্কা থেকে অনেকে নিজেদের অর্থনৈতিক সমস্যার কথা গোপন রাখেন।

নিবন্ধে সুইডেনের গবেষক বেংট স্টারিন ও তার সহকর্মীদের ২০০৯ সালের একটি গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। ৫ হাজার ৬০০ জনের বেশি মানুষের ওপর পরিচালিত ওই জরিপে দেখা যায়, আর্থিক চাপ এবং অপমানিত বা লজ্জিত হওয়ার অভিজ্ঞতা—দুটিই মানসিক ও সামাজিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

যারা একই সঙ্গে আর্থিক চাপ ও লজ্জাবোধের অভিজ্ঞতার কথা জানিয়েছেন, তাঁদের ক্ষেত্রে প্রভাব ছিল সবচেয়ে বেশি।
আর্থিক সমস্যা গোপন রাখলে বাড়ে সংকট

অর্থনৈতিক লজ্জাবোধ শুধু মানসিক অস্বস্তি তৈরি করে না, এটি আর্থিক পরিস্থিতিকেও আরো খারাপ করতে পারে। ২০২১ সালে জো গ্ল্যাডস্টোন ও তার সহকর্মীদের ছয়টি গবেষণায় ব্যাংক হিসাবের তথ্য, দীর্ঘমেয়াদি জরিপ এবং অভিন্ন যমজদের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, যারা নিজেদের আর্থিক অবস্থা নিয়ে লজ্জাবোধ করেন, তারা অনেক সময় নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকেন। ফলে ভুল আর্থিক সিদ্ধান্তের ঝুঁকি বাড়ে এবং সংকট আরো গভীর হয়। গবেষকেরা এ অবস্থাকে ‘ফিন্যানশিয়াল শেম স্পাইরাল’ বা আর্থিক লজ্জার দুষ্টচক্র হিসেবে বর্ণনা করেছেন।

অন্যের কাছে ছোট হয়ে যাওয়ার ভয়ও এ পরিস্থিতিকে জটিল করে তোলে। ২০২৩ সালের একটি গবেষণায় দেখা যায়, ঋণগ্রস্ত মধ্যবিত্ত মানুষের মধ্যে যারা সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কা করেন, তারা বন্ধু ও পরিবারের কাছ থেকে ঋণের বিষয়টি গোপন রাখেন। এমনকি সাহায্য চাওয়াও পিছিয়ে দেন। সামাজিক পরিবেশে নিজেদের আর্থিক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে অনেকে প্রয়োজনের চেয়ে বেশি খরচও করেন।

আর্থিক চাপ তরুণদেরও ভোগাচ্ছে

অর্থনৈতিক দুশ্চিন্তা শুধু নিম্ন আয়ের মানুষের সমস্যা নয়। আয় মোটামুটি ভালো হলেও ঋণ, বাড়িভাড়া, সংসারের খরচ কিংবা আকস্মিক ব্যয়ের কারণে অনেকে আর্থিক অনিশ্চয়তায় ভোগেন।

যুক্তরাষ্ট্রের সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ২০২৩ সালের ‘স্ট্রেস ইন আমেরিকা’ জরিপে দেখা যায়, ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৮২ শতাংশ অর্থকে মানসিক চাপের একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

অর্থ নিয়ে লজ্জাবোধ কাটাবেন যেভাবে

অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় প্রথমেই নিজেকে দোষারোপ না করে পরিস্থিতির কারণ বোঝার চেষ্টা করা জরুরি। ছোটবেলায় অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে কী শেখা হয়েছে, বর্তমান খরচের অভ্যাস কীভাবে তৈরি হয়েছে কিংবা কেনাকাটার মাধ্যমে কোনো মানসিক অস্বস্তি দূর করার চেষ্টা করা হচ্ছে কি না—এসব বিষয় ভেবে দেখা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আর্থিক ব্যবস্থাপনা একটি শেখার বিষয়। আগে শেখার সুযোগ না থাকলে সেটিকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখার প্রয়োজন নেই। একই সঙ্গে অর্থ নিয়ে অস্বস্তি তৈরি হলে নিজের অনুভূতিকে চিহ্নিত করা এবং বিশ্বস্ত কারও সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলাও সহায়ক হতে পারে।

 

নিবন্ধে উল্লেখ করা ২০২৩ সালের আরেকটি গবেষণায় দেখা যায়, একই ধরনের আর্থিক পরিস্থিতিতে থাকা অন্যদের সঙ্গে দলবদ্ধভাবে আর্থিক শিক্ষা গ্রহণ করলে ঋণ পরিশোধে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। বিশেষ করে অন্যের বিচার নিয়ে যারা বেশি উদ্বিগ্ন, তাদের ক্ষেত্রে দলবদ্ধভাবে শেখা মানসিক সুস্থতার উন্নতিতেও সহায়ক হয়েছে।

নিবন্ধটির মূল বক্তব্য হলো, আর্থিক সংকটের সঙ্গে লড়াই করতে গিয়ে লজ্জা ও ভয়কে আরো বড় বাধা হতে দেওয়া উচিত নয়। অর্থনৈতিক সমস্যা গোপন না করে পরিস্থিতি বোঝা, প্রয়োজনীয় সহায়তা নেওয়া এবং ধীরে ধীরে আর্থিক ব্যবস্থাপনা শেখার মধ্য দিয়েই এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার পথ তৈরি হতে পারে।