সিল্কসিটিনিউজ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কালো ধোঁয়া দেখে উড়োজাহাজ থেকে যাত্রীদের দ্রুত নামিয়ে দেওয়া হয়।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।
জানা গেছে, এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়।

এরপরই ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে ফ্লাইটের নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।
যা বলছে ইউএস-বাংলা
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার আগে উড্ডয়ন বাতিল করে। ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন।
এটা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা।
চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সকল প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের এয়ারক্রাফট থেকে দ্রুত নামানো হয়।










