সদ্য প্রকাশিত
লাইফ স্টাইল

সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা আর সঙ্গে কয়েকটি বিস্কুট—অনেকেরই দিন শুরু করার পরিচিত রীতি। বিশেষ করে অফিসের তাড়া বা সকালে ক্ষুধা না থাকলে চা-বিস্কুটই হয়ে ওঠে সহজ সমাধান।

কিন্তু এই অভ্যাসটিই যদি নিয়মিত প্রাতরাশ বা সকালের নাশতায় পরিণত হয়, তবে শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতিসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
চায়ে থাকা চিনি এবং ময়দা, ফ্যাট ও অতিরিক্ত চিনি দিয়ে তৈরি বিস্কুট একসঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। কারণ, এসব খাবারে পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকলেও প্রোটিন ও ফাইবার থাকে তুলনামূলক কম। ফলে এই সকালের নাশতায় গ্লাইসেমিক ইনডেক্স বেশ বেশি থাকায় শরীরে শর্করা দ্রুত শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা সামলাতে বেশি পরিমাণে ইনসুলিন নিঃসৃত হয়।

দীর্ঘদিন এমন চললে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
চা-বিস্কুট খেয়ে সাময়িকভাবে পেট ভরলেও দীর্ঘক্ষণ তা ধরে রাখতে পারে না। বিস্কুটে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের অভাবে খাবার হজম হয়ে যাওয়ার পর দ্রুত খিদে পায়। কারো কারো ক্ষেত্রে এর ফলে ক্লান্তি, বিরক্তি বা কাজে মনোযোগের অভাবও দেখা দিতে পারে।

সকাল ১০টা বা ১১টার মধ্যেই আবার খিদে পাওয়ায় অনেকেই তখন চিপস, মিষ্টি বা অন্য মুখরোচক অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝোঁকেন।

পুষ্টিবিদদের মতে, চা-বিস্কুটে পর্যাপ্ত ক্যালরি মিললেও শরীরের প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই অনুপস্থিত থাকে। বরং এতে থাকা পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনি এবং ট্রান্স বা স্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর। নিয়মিত এমন প্রাতরাশ অভ্যাসের ফলে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন—

১। ফাইবারের অভাবে হজম প্রক্রিয়ার গোলমাল ও কোষ্ঠকাঠিন্য হতে পারে।

২। চায়ের ট্যানিন আয়রন শোষণ ব্যাহত করায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে।

৩। বিস্কুটে থাকা অতিরিক্ত চিনি ও ফ্যাটের কারণে অপ্রয়োজনীয় ক্যালরি শরীরে ঢুকে ওজন ও কোলেস্টেরলের মাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৪। চা-বিস্কুটের অভ্যাসে অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়।

৫। নিয়মিত এমন নাশতা শরীরে দীর্ঘমেয়াদি পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে।

অবশ্য পুষ্টিবিদরা মনে করেন, মাত্র ৩০ দিন চা-বিস্কুট খেলেই স্থায়ীভাবে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এর প্রভাব মূলত নির্ভর করে খাবারের পরিমাণ, সারাদিনের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও ব্যক্তির শারীরিক অবস্থার ওপর।

সকালের চায়ের অভ্যাস একেবারে ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই বলে মত বিশেষজ্ঞদের। তবে চায়ে চিনি কমিয়ে বা বাদ দিয়ে আদা, এলাচ বা দারচিনি দিয়ে স্বাদ বাড়ানো যেতে পারে। পাশাপাশি, বিস্কুটের বদলে সকালে ওটস বা সেদ্ধ ডিমের মতো পুষ্টিকর খাবার রাখার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।