সিল্কসিটিনিউজ ডেস্ক :

সংগীতশিক্ষা গ্রহণের ক্ষেত্রে তার সংগীত শিক্ষক ছিলেন চিত্ত রায় এবং কমল দাশগুপ্ত। পরবর্তীতে কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। কমল দাশগুপ্তের মৃত্যুর আগ পর্যন্ত তারই কাছে সংগীত শিক্ষা লাভ করেন।
উল্লেখ্য, কমল দাসগুপ্ত কাজী নজরুলের একজন ঘনিষ্ঠ সহচর হিসেবে বহু বছর এক সঙ্গে কাজ করেন।
শিল্পী হিসেবে তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন এবং বাংলা গানের প্রচার ও প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি চীন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে একাধিকবার সংগীত পরিবেশেন করতে যান। জানা যায়, তিনি সর্বমোট ৩৮০টি একক অনুষ্ঠান করেন। কাজী নজরুলের গান পরিবেশন ও প্রচার-প্রসারের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত সুখ্যাতির সঙ্গে শ্রোতাদের মুগ্ধ করেন।
ফিরোজা বেগম কণ্ঠশিল্পী ছাড়া স্বরলিপিকার হিসেবেও অবদান রেখেছেন। কাজী নজরুল ইসলাম অসুস্থ হওয়ার পর তিনিই প্রথম নজরুল সংগীতের স্বরলিপি রচনা করেন যা ১৯৬০ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের হরফ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এরপর তদানীন্তন পাকিস্তান আমলে বাংলা একাডেমির অনুরোধ পেয়ে ১০০টি নজরুল সংগীত স্বরলিপির জন্য প্রদান করেন।
বাংলা একাডেমি থেকে তিনটি স্বরলিপি গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়াও নজরুল একাডেমিকে ৫০টি গান ও ‘বইঘর’ কে ১০০টি স্বরলিপি প্রদান করেন, যদিও আজও তা প্রকাশিত হয়নি। খ্যাতনামা শিল্পী ফিরোজা বেগম দেশ-বিদেশ থেকে অজস্র পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সরকার কর্তৃক সংগীতে অবদানের জন্য তিনি ‘স্বাধীনতা পদক’ এবং ‘একুশে পদকে’ ভূষিত হন। এছাড়াও তিনি বহু বেসরকারি পদক ও সম্মাননা লাভ করেন।
সংগীতে অসামান্য কৃতিত্বের সঙ্গে-সঙ্গে তিনি বিভিন্ন সমাজকল্যাণ কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠালগ্নে এর প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিম-এর অনুরোধে আর্থিক সহায়তার জন্যে তিনি চ্যারিটি শো করেন। সম্মানস্বরূপ তার বারডেম হাসপাতালের আজীবন সদস্য করা হয়। তা ছাড়া পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টার ও ওয়েলফেয়ার হোম-এর সাহায্যার্থেও তিনি চ্যারিটি শো করেন।
কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম দম্পতির ৩ পুত্র সন্তান রয়েছে। বাংলা সংগীতের এই গুণী শিল্পী ২০১৪ খ্রিষ্টাব্দের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।










