সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খেলনা পিস্তল ও ম্যাগাজিনসহ জাকিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরের পবা থানার মধুসুদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে নগরের নওহাটা ছাগল হাটের পাশে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এজাহারে অভিযোগ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা এলাকায় নাশকতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেন।

এ ঘটনায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে মধুসুদনপুর এলাকায় অভিযান চালায় পবা থানা পুলিশ। এ সময় একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার জাকিরুল নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

পুলিশ জানায়, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে জাকিরুলকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।