নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৪৩৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর ও চরমাজারদিয়া বিওপির আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে ইউসুফপুর ও চরমাজারদিয়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেন। জব্দ করা ট্যাবলেট সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানার মুক্তারপুর বালিরঘাট এলাকায় অভিযান চালায় ইউসুফপুর বিওপির একটি দল। এ সময় মালিকবিহীন ৫০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়। জব্দ করা মদ ইতোমধ্যে চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, এসব মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










