সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা দুজনই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আটক দুজন হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি।

শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন বলে জানা গেছে। এ সময় তাঁরা জানান, তাঁদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তাঁরা নিজেরা কিংবা পরিবারের সদস্যরা দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

আটক দুই শিক্ষার্থীর দাবি, তাঁরা কলেজের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন। এর বাইরে তাঁদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হবেন বলে জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, ‘তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারা দেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’

শিক্ষার্থী রাজিব বলেন, ‘তারা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করে। তাদের একজনের মুঠোফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।’

এ সময় শিক্ষার্থীরা আটক দুজনের মুঠোফোনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা ও নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না। এ বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি।