শিল্প ও সাহিত্য

পাটকাঠি-নকশিকাঁথা-তালপাখায় বইমেলাতে গ্রামের আবহ

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভাষার মাস ফেব্রুয়ারিতে বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা। বই, লেখক, পাঠক আর সংস্কৃতির মিলনমেলায় প্রতিবছরই নতুন নতুন ভাবনায় সেজে ওঠে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল। তবে এবারের আয়োজনে নান্দনিকতা ও লোকঐতিহ্যের মেলবন্ধনে আলাদা করে নজর কাড়ছে রংপুরের প্রকাশনা প্রতিষ্ঠান পাতাপ্রকাশ।

তাদের স্টলটিতে ঢুকলেই যেন ফিরে যেতে হয় গ্রামবাংলার উঠানে।

পাটকাঠি দিয়ে তৈরি দেয়াল ও কাঠামো—যা আমাদের কৃষিনির্ভর জীবনের প্রতীক। ছাউনি ও ভেতরের ছাদে টাঙানো নকশিকাঁথা এনে দিয়েছে উষ্ণতা ও মমতার আবহ। কোনায় কোনায় ঝুলছে তালপাখা—যেন গরম দুপুরে মায়ের হাতের বাতাসের স্মৃতি।
প্রাকৃতিক উপকরণে নির্মিত এই স্টল শুধু দৃষ্টিনন্দনই নয়, পরিবেশবান্ধবও।

প্লাস্টিক বা কৃত্রিম সাজসজ্জার পরিবর্তে দেশীয় উপাদান ব্যবহারের এই উদ্যোগ দর্শনার্থীদের কাছে প্রশংসিত হচ্ছে। অনেকেই ছবি তুলছেন, সামাজিক মাধ্যমে শেয়ার করছেন—ফলে পাতাপ্রকাশের স্টলটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় স্পট।
মেলায় আসা তরুণ পাঠকরা বলছেন, ‘এটা শুধু স্টল নয়, যেন একখণ্ড গ্রাম।’

অনেক প্রবীণ দর্শনার্থীও স্মৃতিচারণা করছেন তাদের শৈশবের কথা।

কেউ বলছেন, ‘এমন পরিবেশে বই কেনার অভিজ্ঞতা অন্যরকম।’
প্রকাশনা প্রতিষ্ঠান পাতাপ্রকাশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চেয়েছে বইয়ের সঙ্গে সংস্কৃতির যোগসূত্রটি দৃশ্যমান করতে। বই যেমন মনন গড়ে, তেমনি লোকঐতিহ্য আমাদের পরিচয় বহন করে—এই দুইয়ের সমন্বয়েই তাদের এবারের উপস্থাপনা।