সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় ১ লাখ ২৮ হাজার টন ‘অবৈধ’ খাদ্যপণ্য জব্দ

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
নওগাঁয় ১ লাখ ২৮ হাজার টন ‘অবৈধ’ খাদ্যপণ্য জব্দ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় এক ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ১ লাখ ২৮ হাজার ৬৮ টন গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে।  বুধবার সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় প্রশাসনের মজুদবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ এবং ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম মাসুদ রানা (৪৫)। তিৃনি মাসুদ এন্টারপ্রাইজ নামে খাদ্যপণ্যের ব্যবসা করেন। তবে এই নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই বলে প্রশাসন থেকে জানানো হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আনজুমান্দ জানান, উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুদ করা হয়েছে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টায় মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে ওই গুদামটিতে ১ লাখ ২৮ হাজার টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ টন আটা, ৩২ টন ছোলা-বুট ও ৪ টন চিনির অবৈধ মজুদ পাওয়া গেছে।

গুদামটিতে প্রায় ১ বছর ধরে গম মজুদ করা হয়েছিল। লাইসেন্স ছাড়াই গম, সয়াবিন, চিনি, ছোলা ও আটার ব্যবসা করে আসছিলেন তিনি। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হচ্ছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলার প্রস্তুতি নিচ্ছেন।