সদ্য প্রকাশিত
ছবিঘর

অ্যাভেঞ্জার্স-ডিউনের সঙ্গে লড়ব, কিন্তু শাহরুখের ‘কিং’-এর সঙ্গে নয় : সালমান

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
অ্যাভেঞ্জার্স-ডিউনের সঙ্গে লড়ব, কিন্তু শাহরুখের ‘কিং’-এর সঙ্গে নয় : সালমান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বছরের শেষটা বলিউডের দুই খানের সিনেমা দিয়ে জমে উঠতে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সালমান খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

অন্যদিকে ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে শাহরুখ খানের ‘কিং’। তবে মুক্তির তারিখ কাছাকাছি হলেও শাহরুখের সিনেমার সঙ্গে কোনো ধরনের বক্স অফিস সংঘাতে যেতে চান না সালমান। বরং হলিউডের বড় বাজেটের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’ কিংবা ‘ডিউন’-এর সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত তিনি।
সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে সিনেমার মুক্তির তারিখ ও সম্ভাব্য বক্স অফিস সংঘাত নিয়ে কথা বলেন সালমান।

সেখানেই স্পষ্ট জানিয়ে দেন, শাহরুখ ও তার মেয়ে সুহানা খানের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামার কোনো ইচ্ছা নেই তার।
সালমান খান বলেন, “শাহরুখ ২৪ ডিসেম্বর আসছে। আর আমি শাহরুখ এবং ওর মেয়ে সুহানার সিনেমার সঙ্গে কোনওরকম সংঘাত চাই না। কোনোভাবেই না।

তবে ‘অ্যাভেঞ্জার্স’ বা ‘ডিউন’-এর মতো হলিউড সিনেমাগুলোর সঙ্গে আমি অনায়াসেই পাল্লা দিতে পারি। যদিও সেগুলো এক সপ্তাহ আগেই মুক্তি পাচ্ছে, তাতে আমার কোনও সমস্যা নেই। এখন আমি যদি আমার সিনেমার মুক্তির তারিখ বদলাই, তবে শাহরুখের ‘কিং’ তার এক সপ্তাহ পরে মুক্তি পাবে। আর আমি এক্ষেত্রে কোনও সংঘাত চাই না।”
তবে শুধু শাহরুখের ‘কিং’ নয়, অন্য একটি বড় বাজেটের বলিউড সিনেমার সঙ্গেও মুক্তির তারিখের সংঘাত এড়াতে চেয়েছেন সালমান।

শোনা যাচ্ছিল, ২০২৭ সালের শুরুতে মুক্তি পেতে পারে ‘মাতৃভূমি’। কিন্তু শেষ পর্যন্ত ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতারা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালমান জানান, আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তির পরিকল্পনায় রয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। এতে অভিনয় করছেন ভিকি কৌশল, রণবীর কাপুর ও আলিয়া ভাট।
এ প্রসঙ্গে সালমান বলেন, “পরের বছর ২৬ জানুয়ারি বানসালির বিগ বাজেট ‘লাভ অ্যান্ড ওয়ার’ রয়েছে। ওই ছবিতে ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট রয়েছেন। তাই আমি ওদের সিনেমার সঙ্গে আমার সিনেমা রিলিজকে সংঘাতের মুখে ফেলতে চাইনি। এরপরের সপ্তাহেও একটি ভালো তারিখ রয়েছে, কিন্তু মার্চ মাসে আবার আমার অন্য একটি সিনেমা মুক্তি পাচ্ছে- ‘মনস্টার’। নিজের দুই ছবির মধ্যেও আমি সংঘাত চাইনি।”

এদিকে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি নিয়েও কম জটিলতা পেরোতে হয়নি নির্মাতাদের। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। নাম পরিবর্তন, সেন্সর বোর্ডের ছাড়পত্র এবং নানা কারণে দীর্ঘদিন ধরেই আটকে ছিল ছবিটির মুক্তি। এর মধ্যে চীনের আপত্তির বিষয়টিও আলোচনায় আসে। সব বাধা পেরিয়ে অবশেষে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করেছেন সালমান। ফলে বছরের শেষ মাসে বড় পর্দায় দুই খানের সিনেমা ঘিরে দর্শকের প্রত্যাশা এখন তুঙ্গে।