সিল্কসিটিনিউজ ডেস্ক:
মুমিনের জীবনে ইস্তিগফার ও তওবার গুরুত্ব অপরিসীম। ইস্তিগফার হলো আল্লাহর কাছে নিজের পাপের ক্ষমা প্রার্থনা করা।
আর তাওবা হলো পাপ থেকে ফিরে এসে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। একজন মুমিনের জীবনে এ দুটি আমল শুধু পাপ মোচনের মাধ্যম নয়; বরং আত্মার প্রশান্তি, রিজিকের বরকত এবং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উপায়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে রয়েছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯৪)
ইস্তিগফার নেককারদের নিয়মিত আমল

অনেকেই মনে করেন, ইস্তিগফার শুধু পাপী ও অপরাধীদের জন্য।
অথচ বাস্তবতা হলো, নবী-রাসুল, সাহাবি ও নেককার বান্দারাও নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। কারণ ইস্তিগফার কেবল পাপ মোচনের মাধ্যম নয়; এটি আল্লাহর প্রতি বান্দার মুখাপেক্ষিতা, বিনয় ও আনুগত্যের প্রকাশ। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর একটি দোয়া উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ‘হে আমাদের প্রতিপালক! যেদিন হিসাব অনুষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিনদের ক্ষমা করে দিয়ো।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৪১)
রাসুলুল্লাহ (সা.) নিজেও প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর শপথ! আমি প্রতিদিন সত্তরবারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর কাছে তওবা করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৩০৭)
যিনি নিষ্পাপ হয়েও নিয়মিত ইস্তিগফার করতেন, তাঁর উম্মতের পাপী ও গুনাহগার মানুষের জন্য ইস্তিগফারের প্রয়োজন কত বেশি, তা সহজেই অনুমেয়।
ইস্তিগফার রিজিকে বরকত লাভের অন্যতম মাধ্যম
ইস্তিগফারের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলত হলো, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনে রহমত, বরকত ও কল্যাণের দ্বার খুলে দেন। জীবিকার সংকট, পারিবারিক অশান্তি ও নানা ধরনের বিপদ-আপদে আক্রান্ত মানুষকে কোরআন ইস্তিগফারের প্রতি উৎসাহিত করেছে। হজরত নুহ (আ.) তাঁর জাতিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো।
নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিধারা বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন ও নদী-নালা প্রবাহিত করবেন।’ (সুরা : নুহ, আয়াত : ১০-১২)
এ আয়াতগুলোতে ইস্তিগফারের মাধ্যমে বৃষ্টি, সম্পদ, সন্তান-সন্ততি ও জান্নাতের নিয়ামত লাভের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইস্তিগফার বান্দার জন্য আল্লাহর রহমত ও কল্যাণ লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ইস্তিগফার বিপদ ও শাস্তি থেকে নিরাপত্তার মাধ্যম
মানুষের পাপ ও অন্যায় অনেক সময় জীবনে বিপর্যয় ডেকে আনে। অন্যদিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বান্দাকে তাঁর রহমতের ছায়ায় নিয়ে আসে। ইস্তিগফার আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার এবং তাঁর ক্ষমা লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহ এমন নন যে, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তিনি তাদের শাস্তি দেবেন; আর তারা ক্ষমা প্রার্থনা করতে থাকলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না।’ (সুরা : আনফাল, আয়াত : ৩৩)
ইস্তিগফার নেকি বৃদ্ধি এবং পাপ মোচনেরও মাধ্যম
ইস্তিগফার বান্দার আমলনামায় নেকি বৃদ্ধি এবং পাপ মোচনেরও মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির ব্যবস্থা করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।’ (আবু দাউদ, হাদিস : ১৫১৮)
তাওবার দরজা সব সময় খোলা
মানুষ যত বড় পাপই করুক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। জীবনে যত অন্যায়ই সংঘটিত হোক, আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ রয়েছে। শয়তান মানুষকে পাপের পর হতাশ করে দিতে চায়, যেন সে মনে করে তার আর ক্ষমা পাওয়ার কোনো উপায় নেই। অথচ আল্লাহ তাআলা নিজেই তাঁর বান্দাদের নিরাশ না হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।’ (সুরা : জুমার, আয়াত : ৫৩)
আল্লাহ তাঁর অবাধ্য বান্দাদেরও নিজের বান্দা বলে সম্বোধন করেছেন এবং তাঁর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। তবে এ ক্ষমা লাভের জন্য আন্তরিক তাওবা করতে হবে, পাপ পরিত্যাগ করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ‘আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু পাবে।’ (সুরা : নিসা, আয়াত : ১১০)
আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইস্তিগফার ও আন্তরিক তাওবা করার তাওফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।










