সিল্কসিটিনিউজ ডেস্ক :
গবেষণা কী ও কত ধরনের
নতুন কিছু আবিষ্কার বা একটি সমস্যাকে গভীরভাবে বুঝে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে উত্তর খোঁজার প্রক্রিয়াই গবেষণা। গবেষণা অনুমানভিত্তিক নয়, বরং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে সহায়তা করে। এর ধরন অনেক। তবে উদ্দেশ্য অনুযায়ী গবেষণা বেসিক হয় (জ্ঞান বাড়ানোর জন্য) ও অ্যাপ্লায়েড (বাস্তব সমস্যা সমাধানের জন্য)।
পদ্ধতি অনুযায়ী আছে Qualitative, Quantitative ও Mixed Method গবেষণা। আবার প্রকৃতি অনুযায়ী গবেষণা হতে পারে Exploratory, Descriptive ও Explanatory। সময় অনুযায়ী গবেষণা হলো Cross-sectional ও Longitudinal। অনেক সময় গবেষণা একাধিক ধরনকে সমন্বয় করে এগোয়।

কখন গবেষণা শুরু করা উচিত
আমার মতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম বছর থেকেই গবেষণার প্রাথমিক প্রক্রিয়া শুরু করা উচিত। শুরুটা হতে পারে বই পড়া, প্রবন্ধ বিশ্লেষণ, ছোট অ্যাসাইনমেন্ট বা রিসার্চ প্রোজেক্ট আইডিয়া ডেভেলপমেন্টের মাধ্যমে। প্রশ্ন করতে শেখা, কেন কিভাবে হয় এটা ভাবা, বইয়ের বাইরে চিন্তা করা—এগুলোর চর্চা করতে হবে। যে শিক্ষার্থী অনার্সে গবেষণামুখী হন, তিনি মাস্টার্সে গিয়ে অনেক এগিয়ে যান।
তবে মাস্টার্সে গিয়ে শিক্ষার্থীর গবেষণা পাবলিকেশনের দিকে জোর দেওয়া দরকার। গবেষণার যাত্রা দীর্ঘ। মোটিভেশন ধরে রেখে নিয়মিত পড়াশোনা, প্রশ্ন করা ও নৈতিকতা বজায় রাখার পাশাপাশি ভালো মেন্টর খুঁজতে হবে।
গবেষণায় তথ্য সংগ্রহ ও অ্যানালিসিসের জন্য কোন কোন টুলস বা কৌশল ব্যবহার করতে হয়
এটা নির্ভর করে গবেষণার ধরনের ওপর; যেমন—যদি কোনো গবেষক Quantitative Research করেন, তাহলে তথ্য সংগ্রহের জন্য কমন হলো Survey বা Questionnaire। কিন্তু কেউ যদি Qualitative Reserach করেন, তাহলে Interview & Focus Group Discussion (FGD), Observation Secondary Data (Reports, Databases) ইত্যাদি ব্যবহার করতে পারেন।
মাধ্যম হিসেবে গুগল ফর্মস বা কোবো টুলবক্স ব্যবহার বেশ জনপ্রিয়। আর ডেটা অ্যানালিসিস টুলস হিসেবে আমরা গবেষকরা ব্যবহার করি এসপিএসএস, এএমওএস, স্মার্ট পিএলসি, এনভিভো, অ্যাটলাস, পাইথন—এমন আরো অনেক টুল আছে, যা গবেষকের প্রয়োজনের ওপর নির্ভর করে।
গবেষণায় নতুনদের চ্যালেঞ্জ কী
একেকজনের সমস্যা একেক রকম। সহজে যদি বলি, রিসার্চ ইন্টারেস্টস ও রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে না জানা, ভালো রিসার্চ প্রশ্ন না থাকা, থিওরি ব্যবহার না করা, ইংরেজি লেখায় ভয়, সঠিক জার্নাল বাছাই করতে না জানা, রিজেকশন সহ্য করতে না পারা এবং সুপারভাইজারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ ইত্যাদি বড় সমস্যা। আমার নিজের প্রথম দিকের গবেষণাসংশ্লিষ্ট পেপারও বহুবার রিজেক্ট হয়েছে। এই রিজেকশনই আমাকে একজন ভালো গবেষক বানিয়েছে বলে মনে করি।
গবেষণা প্রকাশের নিয়ম কী
অনেক নিয়ম মানতে হয়। অনেক গবেষক শুধু এসব নিয়মের ভয়েই পেপার সাবমিট করেন না। খুব কমন কিছু নিয়ম হলো, ভালো জার্নাল চিনতে ও শিখতে হবে। গবেষকের গবেষণার টপিক অনুযায়ী জার্নালের এইম ও স্কোপ মেলাতে হবে, জার্নালের অথর গাইডলাইনস খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। প্লেজারিজম (এসআই ও এআই ইনডেক্স) একেবারে শূন্যের কাছাকাছি আনার চেষ্টা করতে হবে। সব শেষে রিভিউয়ারের মন্তব্যকে সম্মান করতে হবে। একটা ভালো পেপার লিখতে সাধারণত বেশ সময় লাগে (১ থেকে ৫ বছর পর্যন্ত)। তাড়াহুড়া করলে গবেষণা হয় না।
গবেষণার ফল বাস্তব ক্ষেত্রে কিভাবে কাজে লাগে
ধরুন, কোনো এলাকায় বেকারত্ব কেন বাড়ছে, শিক্ষার্থীরা কেন পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে বা কোন ব্যবসা কেন লোকসানে যাচ্ছে—এই প্রশ্নগুলোর উত্তর আসে গবেষণা থেকে। গবেষণার ফল দেখে সরকার নীতি বানায়, প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় আর মানুষ সমস্যার মূল কারণটা বুঝতে পারে। আমরা তো প্রায়ই বাংলাদেশ আর মালয়েশিয়ার তফাত খুঁজি। এর জন্য যে উপযুক্ত তথ্যের দরকার হয়, তা পাওয়া যায় গবেষণার মাধ্যমে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বা ব্যবসা—এমন সব জায়গায় গবেষণা ভুলগুলো ধরিয়ে দেয়। নতুন ওষুধ, উন্নত শিক্ষাপদ্ধতি, লাভজনক ব্যবসার কৌশল—সবই গবেষণার ফল। সহজ করে বললে, গবেষণা হলো আয়না। এখানে সমাজ নিজেকে দেখে, ভুল শুধরায় এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়।
নীতিনির্ধারণে গবেষণা কিভাবে প্রভাব ফেলে
গবেষণা ছাড়া নীতি মানে অনুমানভিত্তিক সিদ্ধান্ত। ভালো গবেষণা সরকারকে ডেটা দেয়, এনজিওকে দিকনির্দেশনা দেয়, বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম বদলায়, সমাজের অদৃশ্য সমস্যাকে দৃশ্যমান করে। সমস্যা হলো, বাংলাদেশে গবেষণা অনেক সময় নীতিনির্ধারকদের কাছে পৌঁছায় না।









