লাইফ স্টাইল

জামদানি শাড়ি দীর্ঘদিন ভালো রাখার উপায়

নিউজ ডেস্ক২ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জামদানি শাড়ি মানেই আভিজাত্য আর ঐতিহ্যের মিশেল। এই শাড়ির মিহি সুতা আর নিপুণ কারুকাজ ধরে রাখতে প্রয়োজন একটু বিশেষ যত্ন। আপনার প্রিয় জামদানিটি বছরের পর বছর নতুনের মতো উজ্জ্বল রাখতে কয়েকটি টিপস মেনে চলা জরুরি। চলুন, জেনে নিই।

ধোয়া ও পরিষ্কারের নিয়ম
বাসায় ধোয়া নিষেধ: সুতি হোক বা হাফ সিল্ক, জামদানি কখনো বাড়িতে ধোবেন না। জামদানির সুতায় বিশেষ মাড় থাকে, যা পানি লাগলে নষ্ট হয়ে যায়। পরিষ্কার করতে চাইলে সবসময় লন্ড্রিতে ‘কাটা ওয়াশ’ করাতে হবে।

দাগ লাগলে করণীয়: শাড়িতে ঝোল বা তেলের দাগ লাগলে ভুলেও পানি দেবেন না।

তৎক্ষণাৎ দাগের ওপর ট্যালকম পাউডার ছিটিয়ে দিন এবং পরে দ্রুত কাটা ওয়াশ করিয়ে নিন।
তুলে রাখার সঠিক পদ্ধতি
ভাঁজ করা এড়িয়ে চলুন: জামদানি শাড়ি সাধারণ শাড়ির মতো ভাঁজ করে আলমারিতে রাখবেন না। ভাঁজে ভাঁজে সুতা ফেঁসে যাওয়ার ভয় থাকে।

রোল করে রাখা: মোটা কোনো লাঠি বা পাইপের সাহায্যে গোল করে পেঁচিয়ে জামদানি সংরক্ষণ করুন।

এতে সুতা সমান ও টানটান থাকে।
দীর্ঘস্থায়ী করার কৌশল
রোদে দেওয়া: বর্ষাকালে আর্দ্রতার কারণে শাড়িতে ফাঙ্গাস পড়তে পারে। তাই মাঝে মাঝে হালকা রোদে দিন। তবে খেয়াল রাখবেন, রোদ যেন খুব কড়া না হয়।

নিয়মিত ব্যবহার: জামদানি যত বেশি গায়ে জড়াবেন, শাড়ি তত ভালো থাকে।

শুধু বিশেষ দিনের অপেক্ষায় না রেখে মাঝেমধ্যেই শাড়িটি পরুন। আলমারিতে তুলে রাখার আগে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নেবেন।
পাড়ে ফলস ও আঁচলে নেট: শাড়ি কেনার পরপরই পাড়ে ফলস লাগিয়ে নিন এবং আঁচলে নেট জুড়ে দিন। এতে কুঁচি ও আঁচল ঘষা লেগে নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।

কাটাই করানো: ব্যবহারের ফলে সুতা নরম হয়ে গেলে বা মাড় কমে গেলে দুই-তিন বছর পরপর এক বার কাটাই করিয়ে নিন। এতে সুতার শক্তি আর উজ্জ্বলতা বজায় থাকবে।