লাইফ স্টাইল

ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের গরুর কালা ভুনা

নিউজ ডেস্ক৩ জুন ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঝাল-মসলায় ভরপুর, গাঢ় রঙের মাখামাখি গরুর কালা ভুনা- নাম শুনলেই জিভে পানি চলে আসে। ঐতিহ্যবাহী এই খাবার এখন দেশের প্রায় সব ঘরেই জনপ্রিয়। ঈদ, দাওয়াত কিংবা ছুটির দিনের বিশেষ আয়োজনে এক প্লেট গরম ভাতের সঙ্গে কালা ভুনা যেন স্বাদের বাড়তি আনন্দ এনে দেয়।

অনেকে মনে করেন, কালা ভুনা তৈরি করা বেশ কঠিন। তবে সঠিক মসলা আর ধীরে ধীরে কষানোর কৌশল জানলে ঘরেই সহজে তৈরি করা যায় অসাধারণ স্বাদের এই পদ।

যেসব উপকরণ লাগবে

গরুর মাংস  ১ কেজি
পেঁয়াজ কুচি  ৪ কাপ
আদা বাটা  ২ টেবিল চামচ
রসুন বাটা  ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া  ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া  ১ চা চামচ
ধনে গুঁড়া  ১ টেবিল চামচ
জিরা গুঁড়া  ১ চা চামচ
টক দই  আধা কাপ
সরিষার তেল  আধা কাপ
দারুচিনি, এলাচ, লবঙ্গ  পরিমাণমতো
গরম মসলা গুঁড়া  ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া  আধা চা চামচ
কাঁচামরিচ  ৫/৬টি
লবণ  স্বাদমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর আদা-রসুন বাটা, দই, লবণ ও সব গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে মেখে অন্তত আধা ঘণ্টা রেখে দিন।

চুলায় একটি ভারী পাতিল বসিয়ে তেল গরম করুন। তাতে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ ধীরে ধীরে বাদামি হয়ে এলে মেরিনেট করা মাংস ঢেলে দিন।

এবার মাঝারি আঁচে দীর্ঘ সময় ধরে মাংস কষাতে হবে। ধীরে ধীরে মসলার রং গাঢ় হবে এবং মাংস থেকে তেল আলাদা হতে শুরু করবে। প্রয়োজন হলে সামান্য গরম পানি দিতে পারেন।

মাংস নরম হয়ে এলে কম আঁচে আরও কিছুক্ষণ ভুনুন। এতে কালচে রং ও দারুণ স্মোকি স্বাদ আসবে। শেষে গরম মসলা, গোলমরিচ গুঁড়া ও কাঁচামরিচ ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।

এছাড়াও স্বাদ বাড়ানোর কালা ভুনার আসল স্বাদ আসে ধীরে ধীরে কষানোয়। তাড়াহুড়ো না করে কম আঁচে রান্না করলে মাংসের ভেতর মসলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। চাইলে শেষে সামান্য ঘি যোগ করেও বাড়তি ঘ্রাণ আনতে পারেন।

গরম ভাত, নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মজাদার গরুর কালা ভুনা।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন