আন্তর্জাতিক

উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের শত শত স্কুলে বোমা হামলার হুমকি

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের শত শত স্কুলে হুমকিমূলক একটি ই-মেইল পাঠানো হয়েছে। এতে বোমা হামলার হুমকি পাওয়ার পর কয়েকটি স্কুল খালি করে দেওয়া হয়।

তবে এসব হুমকিকে ভুয়া বলে ধারণা করছে পুলিশ।
এক বিবৃতিতে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) জানায়, স্থানীয় সময় বুধবার সকালে অঞ্চলটির বিভিন্ন স্কুলে পাঠানো হুমকিমূলক ই-মেইল নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাটিকে আপাতত ‘ভুয়া হুমকি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত ৩০০টির বেশি স্কুল একই ধরনের হুমকিসংবলিত ই-মেইল পাওয়ার কথা জানিয়েছে পুলিশকে।

এ ঘটনায় কয়েকটি স্কুল খালি করা হলেও এ বিষয়ে পুলিশের সহকারী প্রধান কনস্টেবল অ্যান্থনি ম্যাকন্যালি বলেন, ‘জনসাধারণের জন্য ঝুঁকির মাত্রা বর্তমানে কম বলে মূল্যায়ন করা হয়েছে।’

এদিকে স্কটল্যান্ডের বেশ কয়েকটি স্কুলেও একই ধরনের ই-মেইল পাওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির বিভিন্ন অঞ্চলে শত শত স্কুল খালি করে দেওয়া হয়। এসব ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।