নিজস্ব প্রতিবেদক:
পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ভায়া যমুনা সেতু রুটে চলাচলকারী ট্রেন দুটি আগামী ২০ নভেম্বর (শুক্রবার) থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে। নতুন ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। সপ্তাহে সোমবার বন্ধ থাকলেও ট্রেন দুটি আটটি স্টেশনে যাত্রাবিরতি করবে।
রেলওয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পাবনা ও আশপাশের এলাকার মানুষের ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে পাবনা, ঈশ্বরদী, চাটমোহর ও ভাঙ্গুড়া অঞ্চলের যাত্রীরা নতুন এই ট্রেনের মাধ্যমে উপকৃত হবেন। সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে; ফিরতি ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২৫ মিনিটে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়ালের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। বুধবার (১১ নভেম্বর) জারি করা এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিতে নতুন ট্রেন পরিচালনার সময়সূচি, কোচ বিন্যাস, আসনসংখ্যা, যাত্রাবিরতি ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকাগামী এবং ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনাগামী ট্রেন হিসেবে চলাচল করবে। ট্রেন দুটি ‘খ’ শ্রেণির আন্তঃনগর ট্রেন হিসেবে পরিচালিত হবে।
প্রভাতী এক্সপ্রেস:
পাবনা থেকে ঢাকাগামী পাবনা প্রভাতী এক্সপ্রেস (৮০৮ নম্বর ) সকাল ৮টায় যাত্রা শুরু করবে। সকাল ৮টা ৪৫ মিনিটে ঈশ্বরদী স্টেশনে পৌঁছে ৯টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। এরপর চাটমোহর স্টেশনে সকাল ৯টা ৩৯ মিনিটে পৌঁছে ৯টা ৪৫ মিনিটে, বড়ালব্রিজে সকাল ১০টা ৫ মিনিটে পৌঁছে ১০টা ৮ মিনিটে এবং উল্লাপাড়ায় সকাল ১০টা ২৭ মিনিটে পৌঁছে ১০টা ৩৩ মিনিটে ছাড়বে।
এরপর ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছে ১০টা ৫৩ মিনিটে ছেড়ে যাবে। টাঙ্গাইল স্টেশনে পৌঁছাবে সকাল ১১টা ৪৮ মিনিটে এবং ছাড়বে দুপুর ১২টা ৪ মিনিটে। জয়দেবপুর স্টেশনে দুপুর ১টা ৪ মিনিটে পৌঁছে ১টা ৬ মিনিটে ছাড়বে। ঢাকা বিমানবন্দর স্টেশনে দুপুর ১টা ৩৫ মিনিটে পৌঁছে ১টা ৩৮ মিনিটে ছেড়ে যাবে। সবশেষে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি। অর্থাৎ পাবনা থেকে ঢাকায় যেতে ট্রেনটির নির্ধারিত সময় লাগবে ৬ ঘণ্টা ১০ মিনিট।
গোধূলি এক্সপ্রেস:
ঢাকা থেকে পাবনাগামী পাবনা গোধূলি এক্সপ্রেস (৮০৭ নম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে ৩টা ৫৩ মিনিটে ছেড়ে যাবে। জয়দেবপুর স্টেশনে বিকেল ৪টা ১৬ মিনিটে পৌঁছে ৪টা ১৮ মিনিটে ছাড়বে।
এরপর টাঙ্গাইল স্টেশনে বিকেল ৫টা ১৭ মিনিটে পৌঁছে ৫টা ২০ মিনিটে, শহীদ এম মনসুর আলী স্টেশনে বিকেল ৫টা ৫৫ মিনিটে পৌঁছে ৫টা ৫৮ মিনিটে, উল্লাপাড়ায় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে পৌঁছে ৬টা ২৯ মিনিটে এবং বড়ালব্রিজে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে পৌঁছে ৭টা ২ মিনিটে ছাড়বে। চাটমোহর স্টেশনে সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে পৌঁছে ৭টা ২০ মিনিটে ছেড়ে যাবে ট্রেনটি। এরপর ঈশ্বরদী স্টেশনে রাত ৭টা ৫৫ মিনিটে পৌঁছে ৮টা ১৫ মিনিটে ছাড়বে। সবশেষে রাত ১০টা ২৫ মিনিটে পাবনা স্টেশনে পৌঁছাবে। ঢাকা থেকে পাবনায় পৌঁছাতে ট্রেনটির নির্ধারিত সময় লাগবে ৭ ঘণ্টা।
অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর
বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়মে যাত্রার ১০ দিন আগে থেকে অনলাইনে সংগ্রহ করা যাবে।
তবে ১৯ আগামী নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। এ ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন দুটি চলাচল শুরু করবে। এদিন ঢাকা থেকে পাবনার উদ্দেশে বেলা ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে পাবনা গোধূলী এক্সপ্রেস। আর পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছেড়ে যাবে পাবনা প্রভাতী এক্সপ্রেস।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
ট্রেনে থাকছে ৮১৭টি আসন
রেলওয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, নতুন ট্রেন দুটির জন্য ১২টি কোচের রেক ব্যবহারের পরিকল্পনা রয়েছে। কোচ বিন্যাসে এসি, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন রাখা হয়েছে। সব মিলিয়ে যাত্রীদের জন্য আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে ৭১৭টি। কোচ বিন্যাসে WJPCLR, WJC, WJCC, WECCD ও WEC ধরনের কোচ ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত WECCD কোচের পরিবর্তে WEC কোচ চলাচল করবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
সোমবার সাপ্তাহিক বন্ধ, রেক থাকবে ঈশ্বরদীতে
নতুন আন্তঃনগর ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করা হয়েছে সোমবার। ট্রেনের রেক রক্ষণাবেক্ষণের জন্য ঈশ্বরদীকে নির্ধারণ করা হয়েছে। ঈশ্বরদী ও পাবনা স্টেশনে সিডিউল মেইনটেন্যান্স এবং সম্পূর্ণ ওয়াটারিং ও ক্লিনিংয়ের সুবিধা না থাকায় ট্রিপ ইনস্পেকশনের জন্য ঈশ্বরদী-পাবনা ও পাবনা-ঈশ্বরদী অংশে একটি এসপি রেক হিসেবে চলাচল করবে।
এ ছাড়া ট্রেন দুটির ওয়াটারিং ও ক্লিনিংয়ের ব্যবস্থা থাকবে ঈশ্বরদী ও ঢাকায়। ট্রেনের ক্যাটারিং সেবা সাময়িকভাবে বাংলাদেশ রেলওয়ের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেসের মাধ্যমে পরিচালিত হবে। পরবর্তী সময়ে নির্ধারিত নীতিমালা অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাটারিং সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের জন্য অনবোর্ড সার্ভিসের মাধ্যমে অ্যাটেনডেন্ট পরিষেবাও থাকবে।
পরিচালনায় যেসব নির্দেশনা
নতুন ট্রেন পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রেলওয়ে। এর মধ্যে ট্রেন পরিচালনায় ডিউটি ও পাকশী গার্ডের উপস্থিতি নিশ্চিত করা, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন পরিচালনা এবং টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এ ছাড়া ডিউটি ও পাকশী লোকোমোটিভ পাইলটের মাধ্যমে ইঞ্জিন ও ক্রু সরবরাহ, দৈনন্দিন সার্ভিসিং ও ওয়াশিংয়ের ব্যবস্থা, ট্রেনের আলো ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং যাত্রীদের জন্য মাইকিং ও পিএ সিস্টেমে ঘোষণা প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ট্রেনের যান্ত্রিক ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোও নিশ্চিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে ট্রেনের ওয়ার্কিং টাইম ও সিগন্যালিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন ট্রেন চালুর পাশাপাশি ২০ নভেম্বর থেকে ৭৭৯ নম্বর ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ঢালারচর থেকে আজিমনগর এবং ৭৬৩ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত পরিশিষ্টে উল্লেখিত পরিবর্তিত ‘খ’ শ্রেণির সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
এ বিষয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বলেন- সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন যাত্রা শুরু করবে ২০ নভেম্বর থেকে।
প্রসঙ্গত, ১৬ অক্টোবর) দুপুর ৩টায় ভারত থেকে আমদানি করা ব্রডগেজ বগি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রথম চালানে ১৮টি বগি এসেছে। বাংলাদেশের প্রবেশের পর দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে সৈয়দপুরের কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে বগিগুলো চলানোর জন্য সিদ্ধান্ত নেয় রেলওয়ে।









