আন্তর্জাতিক

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা চলার অনুমতি আদালতের

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলতে পারবে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার এ সিদ্ধান্ত দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক।

তবে বিবিসির বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগে করা ট্রাম্পের মামলাটি খারিজ করে দিয়েছেন তিনি। ট্রাম্পের একটি ভাষণের ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে প্রচার করেছিল বিবিসি।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার আগে সমর্থকদের সেখানে যেতে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প—বিবিসির সম্পাদনা করা ভিডিওতে এমন ধারণা তৈরি হয়েছিল। এ ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যমটির বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন ট্রাম্প।

 

সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ট্রাম্পের করা বেশ কয়েকটি মামলার মধ্যে এটি একটি। তার পছন্দ নয়, এমন সংবাদ প্রকাশ ঠেকাতে চাপ তৈরির চেষ্টা হিসেবে এসব মামলা করা হয়েছে। ফ্লোরিডার ফেডারেল বিচারক জেফরি কুন্টজ বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলাটি খারিজ করতে রাজি হননি। তিনি বলেন, ট্রাম্পের অভিযোগের পক্ষে যুক্তিসংগত ভিত্তি রয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, বিবিসির সম্পাদনার কারণে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া বিবিসি ভিডিওটি বিভ্রান্তিকর বলে জানত বা তাদের তা জানার কথা ছিল।
তবে বিচারকের এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে ট্রাম্পের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আদালতের এই সিদ্ধান্তকে ‘বড় বিজয়’ বলেছেন ট্রাম্প।

তিনি লিখেছেন, যারা মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের সবার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং তাদের পরাজিত করবেন।

বিবিসির এক মুখপাত্র বলেছেন, আদালতের এই সিদ্ধান্তে তারা বিস্মিত। তবে আদালতের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। নিজেদের অবস্থান নিয়েও তারা আত্মবিশ্বাসী। এর আগে বিবিসি স্বীকার করেছিল, ট্রাম্পের ভাষণের ভিডিওটি যেভাবে সম্পাদনা করা হয়েছিল, তা বিভ্রান্তিকর ছিল। এ জন্য ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছিল সংবাদমাধ্যমটি। তবে মানহানির অভিযোগ মেনে নেয়নি তারা।

গত ডিসেম্বরে ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মামলাটি করেন ট্রাম্প। তার অভিযোগ, বিবিসি তার ভাষণের বিভিন্ন অংশ জুড়ে দিয়ে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করেছে। ভাষণের একটি অংশে তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনের দিকে মিছিল করে যেতে বলেছিলেন। অন্য অংশে তিনি বলেছিলেন, ‘সর্বশক্তি দিয়ে লড়াই করো।’

 

তবে ওই ভাষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ভিডিওতে রাখা হয়নি। সেখানে ট্রাম্প সমর্থকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে সম্পাদনা করা ভিডিওটি প্রচার করা হয়। ওই নির্বাচনে জয়ী হন ট্রাম্প।

পরে বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারকলিপি ফাঁস হয়। এতে ভিডিও সম্পাদনার ঘটনাকে সংবাদমাধ্যমটির সম্ভাব্য রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনা বিবিসিকে বড় ধরনের ভাবমূর্তি সংকটে ফেলে। এর জেরে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন