আন্তর্জাতিক

ইয়েমেনের তাইজে হামে প্রাণ গেল ২৬ জনের

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইয়েমেনের তাইজ প্রদেশে চলতি বছরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অবরোধের কারণে লাখ লাখ শিশু টিকাদানের বাইরে থেকে যাচ্ছে।

তাইজের স্বাস্থ্যবিষয়ক গণমাধ্যম কর্মকর্তা তায়সির আল-সামেই জানান, বছরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এসব সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

তাইজের জনস্বাস্থ্য ও জনসংখ্যা কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৩ লাখ ৪৭ হাজার শিশু হাম ও রুবেলার টিকা থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া নিয়মিত অন্যান্য টিকা পায়নি আরও ৭২ হাজার ৫০০ শিশু।

এ পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সংস্থা দুটিকে জরুরি ভিত্তিতে টিকা সরবরাহ এবং পুনরায় টিকাদান কর্মসূচি চালু করতে সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।