সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের রাঁচিতে ওরিয়েন্ট ক্রাফটের কারখানায় শত শত নারী শ্রমিক সেলাই মেশিনে ব্রিটিশ খুচরা বিক্রেতা নেক্সট ও মার্কস অ্যান্ড স্পেনসারের জন্য পোশাক, শার্ট এবং শিশুদের পোশাক তৈরি করছেন।
কিছুদিন আগেও ওরিয়েন্ট ক্রাফটের উৎপাদিত অধিকাংশ পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো।

কিন্তু যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর পর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ৭৭ বছর বয়সী সুধীর ধিংরা দেশটিতে পণ্য পাঠানো কমিয়ে দিয়েছেন। গত বছর যুক্তরাষ্ট্রের শুল্ক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় আমেরিকান ঈগল ও গ্যাপের মতো ক্রেতাদের কাছ থেকে পাওয়া ক্রয়াদেশেও প্রভাব পড়ে।
বর্তমানে শুল্কের হার কমেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। তারপরও একটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকাকে বড় ঝুঁকি মনে করছেন সুধীর ধিংরা।
তিনি বলেন, ‘চুক্তি হলেও সেটি কার্যকর থাকবে—এর নিশ্চয়তা কী? আমি আর মাথার ওপর এমন ঝুলন্ত তলোয়ার দেখতে চাই না।’
শুল্কের আকস্মিক পরিবর্তনের পর ভারতের অনেক প্রতিষ্ঠানই তাদের রপ্তানি বাজার নতুন করে সাজাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরতা কমাচ্ছে। এর ফলে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় নয়াদিল্লির অবস্থান আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারতের দুর্বলতাও কমতে পারে।
সুধীর ধিংরা বলেন, ২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্রেতারা অনেক ক্রয়াদেশ বাতিল করেন অথবা মূল্যছাড় চান। কোনো কোনো ক্রেতা সরবরাহকারীদের ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের বোঝা বহন করতে বলেন। অথচ পোশাক প্রস্তুতকারকদের মুনাফার হারই ১০ শতাংশের কম।
এরপর ওরিয়েন্ট ক্রাফট যুক্তরাজ্য, ইউরোপ এবং তুলনামূলক কম পরিমাণে ভারতের অভ্যন্তরীণ বাজারে বিক্রি বাড়িয়েছে। আগে প্রতিষ্ঠানটির মোট বিক্রির ৮৪ শতাংশ আসত যুক্তরাষ্ট্র থেকে।
এখন তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক রপ্তানির পরিমাণ প্রায় ১৫০ কোটি রুপি (১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার)।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সেকশন ৩০১ আইনের আওতায় ভারতীয় পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক রয়েছে। এর পাশাপাশি পণ্যের ধরন অনুযায়ী ৬ থেকে ১২ শতাংশ পর্যন্ত সাধারণ শুল্কও প্রযোজ্য।
ইউরোপের দিকে ঝুঁকছে বড় রপ্তানিকারকেরা
ভারতের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান গোকালদাস এক্সপোর্টসও ইউরোপের বাজারে ব্যবসা বাড়াচ্ছে। প্রতিষ্ঠানটিতে ৫৩ হাজারের বেশি কর্মী কাজ করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শিবরামকৃষ্ণন গণপতি বলেন, ‘এটি সাময়িক কোনো পরিবর্তন নয়।’
তিনি জানান, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানের মোট আয়ে ইউরোপের অংশ ১৫ থেকে ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের অংশ ৫০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট সময়ে ভারতের বস্ত্র, পোশাক ও গৃহসজ্জাসামগ্রী রপ্তানি যুক্তরাষ্ট্রে আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমে ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে অন্যান্য বাজারে রপ্তানি ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫২০ কোটি ডলারে পৌঁছেছে।
শিল্পসংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, ২০২২ সালে ভারতের মোট রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। চলতি বছরের আগস্ট শেষে তা কমে ২৫ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
নতুন বাজার খোঁজা ও উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা
রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা, পণ্য পরিবহনের বাড়তি খরচ এবং মার্কিন ক্রেতাদের মূল্যছাড়ের চাপ তাদের মুনাফা কমিয়ে দিয়েছে। ফলে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বাজার তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি গত জুলাইয়ে কার্যকর হয়েছে। এর ফলে ভারতীয় পোশাক যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একই ধরনের চুক্তি হলে ভারতীয় পোশাকের ওপর ১২ থেকে ১৭ শতাংশ পর্যন্ত শুল্ক উঠে যেতে পারে।
অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান এ সাকথিভেল বলেন, ‘জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস আমাদের প্রধান লক্ষ্যবাজার।’ রপ্তানিকারকেরা উৎপাদন ব্যয় কমানোর দিকেও নজর দিচ্ছেন।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের রাঁচি এত দিন কয়লা ও লৌহ আকরিকের জন্য পরিচিত ছিল। তবে এখন সরকারি ভর্তুকি, সহজে জমি পাওয়া এবং শিক্ষিত ও নির্ভরযোগ্য শ্রমিকের কারণে সেখানে পোশাক কারখানা স্থাপনে আগ্রহ বাড়ছে। রয়টার্স রাঁচি ও আশপাশের তিনটি কারখানা পরিদর্শন করেছে। এসব কারখানায় সব মিলিয়ে প্রায় ৮ হাজার মানুষ কাজ করেন।
গোকালদাসের পরিচালন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় সিং বলেন, ‘ভারতের অন্যান্য উৎপাদনকেন্দ্রের তুলনায় এখানে আমাদের উৎপাদন দক্ষতা অন্তত ১০ শতাংশ বেশি।’
রাঁচিতে গোকালদাসের দুটি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে তৃতীয় একটি কারখানা চালুর পরিকল্পনা করছে। নতুন কারখানাটি চালু হলে সর্বোচ্চ ৪ হাজার ৬০০ মানুষের কর্মসংস্থান হতে পারে। রাঁচিভিত্তিক প্রতিষ্ঠান অবার্ন ডিজাইনের বিরেন্দ্র রাওয়াত বলেন, ‘আমরা কোনো একটি বাজার, পণ্য কিংবা ক্রেতার ওপর নির্ভর করতে পারি না।’
প্রতিষ্ঠানটি স্থানীয় লাইসেন্সধারী প্রতিষ্ঠান পেজ ইন্ডাস্ট্রিজের মাধ্যমে জকি ব্র্যান্ডের অন্তর্বাস ও পোশাক তৈরি করে। মাসে ৫০ থেকে ৬০ লাখ পোশাক উৎপাদন করে প্রতিষ্ঠানটি। এসব পণ্য ভারত ও প্রতিবেশী দেশগুলোতে বিক্রি হয়।
ভারতের অভ্যন্তরীণ বাজারও বড় ভরসা
রপ্তানি বাজারের অনিশ্চয়তা মোকাবিলায় ভারতের নিজস্ব পোশাক বাজারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির অভ্যন্তরীণ পোশাক বাজারের আকার প্রায় ১৫ হাজার কোটি ডলার। প্রতিবছর এ বাজার ৭ থেকে ৮ শতাংশ হারে বাড়ছে। ফলে রপ্তানি বাজারে অনিশ্চয়তা তৈরি হলেও অভ্যন্তরীণ বাজার থেকে নিয়মিত আয় ও চাহিদা পাওয়ার সুযোগ রয়েছে।
ভারতের বস্ত্রশিল্পবিষয়ক সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জি বলেন, ‘বিশেষ করে যেসব রপ্তানিকারক যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বেশি নির্ভরশীল, তাঁদের জন্য বাজারের বৈচিত্র্য আনা এখন দীর্ঘমেয়াদি কৌশলে পরিণত হচ্ছে।’
রপ্তানিকারকেরা বলছেন, বাজারের আকার এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে তাঁরা যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ছেড়ে দেবেন না। তবে শুল্ক নিয়ে সাম্প্রতিক অস্থিরতার কারণে শুল্ক কমলেও যুক্তরাষ্ট্রের বাজার আগের মতো আধিপত্য ফিরে পাবে, এমন সম্ভাবনা কম।
সুধীর ধিংরা বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজার গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ কোনো একটি বাজারের হাতে ছেড়ে দেওয়া যায় না।’









