রাজশাহী

রাজশাহীতে ডেঙ্গুতে বুলু নামে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।

বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত বুলুকে গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তির পরদিন তাঁর মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬০ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।