সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইরানের ১৮০০ কোটি ডলার আটকা চীনে

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ইরানের ১৮০০ কোটি ডলার আটকা চীনে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের তেল বিক্রির অন্তত ১ হাজার ৮০০ কোটি ডলার আটকে রয়েছে চীনে। তেহরানের ফারসি ভাষার প্রভাবশালী পত্রিকা ‘শার্কের’এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রেস টিভি রোববার এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার সময় বিক্রি করা তেলের অর্থ পরিশোধের বিষয়ে জটিলতার কারণে চীনে ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার আটকা পড়েছে। তেল বিক্রির বকেয়া এই অর্থের কথা জানিয়েছেন ইরানের জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী কারদর। প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সময় ২০০৮ সালে চীনের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় ইরান তেলের বিনিময়ে চীনা পণ্যের মূল্য পরিশোধের যে পরিকল্পনা নিয়েছিল তাতেই এ বিপুল পরিমাণ অর্থ বকেয়া পড়েছে।

নিষেধাজ্ঞার কারণে যখন  ইরান নিজের ব্যাংক অ্যাকাউন্টে তেল বিক্রির অর্থ আনতে পারছিল না তখন বিকল্প উপায় বের করতে তেহরান এ ব্যবস্থা নিয়েছিল। তবে শার্ক পত্রিকা একদম সুস্পষ্ট করে বলতে পারেনি চীনের কাছে এখনো ঠিক কত টাকা বকেয়া রয়েছে। পত্রিকাটি কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিন্নতা তুলে ধরে বলেছে, বকেয়া অর্থের পরিমাণ ২ হাজার ২০০ কোটি, ২ হাজার ৫০০ কোটি কিংবা ৪ হাজার ৭০০ কোটি ডলার হবে। এর মধ্যে চীনা ব্যাংকে জমা করা ১ হাজার ৮০০ কোটি ডলার রয়েছে, যা সম্ভবত ইরান ও চীনের পক্ষ থেকে যৌথভাবে আইনি পদক্ষেপ না নিলে ফেরত পাওয়া কঠিন হবে।

সূত্র: রাইজিংবিডি