আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে আবারও দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাতেরা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে প্রায় ১৫ থেকে ২০ জনের ডাকাত দল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। এ সময় তারা আব্দুর রশিদ ও তার পিতা কাশেম আলী প্রাং (৬০), মা খুতেজা বিবি (৫২), ও ছেলে রবিউল ইসলাম (১৫) কে বেদম মারপিট করে নগদ কয়েক শত টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার, ৭টি কম্বলসহ তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

আরো জানা যায়, এ ডাকাত দল ঐ রাতেই পার্শ্ববর্তী কয়সা গ্রামের ছহির উদ্দিনের পূত্র আব্দুস ছালামের বাড়িতে হানা দিয়ে ডাকাতির চেষ্টা চালায়। ডাকাতদের হামলা টের পেয়ে আব্দুস ছালামের বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে আসে এবং ডাকাত দল পালিয়ে যায়।
ডাকাতির সংবাদ পেয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ফোর্সসহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বদরুদ্দোজা বলেন, বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
উল্লেখ্য গত ৭ জানুয়ারী দিবাগত রাতে একই কায়দায় উপজেলার বহলা গ্রামে ও গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার তিলাবদুরী গ্রামের তোতা মল্লিকের বাড়িতে ডাকাতি হয়েছিলো।
স/অ










