লাইফ স্টাইল

ঈদের মেন্যুতে রাখুন ওটস সবজি কাটলেট

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঈদ আনন্দে ভরপুর আয়োজনের টেবিলে স্বাস্থ্যকর ও সুস্বাদু কোনো স্ন্যাকস রাখতে চাইলে ওটস সবজি কাটলেট হতে পারে চমৎকার অন্যতম একটি পদ। পুষ্টিগুণে সমৃদ্ধ এই পদটি যেমন খেতে মজাদার, তেমনি হালকা ও সহজপাচ্য; যা উৎসবের ভারী খাবারের মাঝেও এনে দেয় স্বস্তির স্বাদ। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই মুখরোচক কাটলেট, যা ছোট-বড় সবার মন জয় করবে। রইলো রেসিপি-

উপকরণ
ওটস ১ কাপ
পেঁয়াজ ১টা
আদাবাটা আধা চা-চামচ
রসুনবাটা সিকি চা-চামচ
সেদ্ধ আলু আধা কাপ
গাজরকুচি আধা কাপ
ক্যাপসিকাম কুচি আধা কাপ
ডিম ১টা
ব্রেডক্রাম্ব পরিমাণমতো
গোলমরিচের গুঁড়ো পৌনে এক চা-চামচ
কাঁচামরিচের কুচি আধা চা-চামচ (স্বাদমতো দেওয়া ভালো)
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
তেল ভাজার জন্য প্রয়োজনমতো

যেভাবে তৈরি করবেন
প্রথমেই অল্প পানিতে ওটস ভিজিয়ে রাখুন। অন্যদিকে সেদ্ধ আলু ভালো করে ভর্তা করে নিন। এবার একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে পেঁয়াজকুচি হালকা করে ভাঁজুন। ভাজা হলে আদা-রসুনবাটা দিয়ে একটু কষিয়ে তাতে গাজরকুচি দিয়ে ভেজে নিন ৫ মিনিট। এরপর ক্যাপসিকামকুচি, চটকে রাখা আলু, পানি ঝরিয়ে নেওয়া ওটস, গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচের কুচি আর স্বাদমতো লবণ দিয়ে ভালোমতো মিশিয়ে ৫ মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিন।

এবার ভাজা মিক্সের সঙ্গে ধনেপাতাকুচি আর অল্প ডিম দিয়ে ভালো করে মেখে কাটলেটের আকারে তৈরি করে নিন। এরপর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম তেলে বাদামি করে ভাজুন। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন আপনার পছন্দের প্লেটে।

 

সূত্র: জাগো নিউজ