সিল্কসিটিনিউজ ডেস্ক :
ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…। কবির ভাষায়, রোজা আমাদের খুশির বার্তাবাহক। রোজার শেষে আনন্দের বার্তা নিয়ে আসে— ঈদ।
রোজার ত্যাগের মহিমা হৃদয়কে রঙিন করে তোলে। তাই মুসলমানদের জন্য ঈদ মহা-আনন্দের, মহা-উৎসবের দিন। সেই উৎসব-আনন্দ কয়েক গুণ বাড়িয়ে তুলতে ঈদ উৎসবে খাবারে থাকে নানা আয়োজন। এর মধ্যে ঈদের দিন সকালে গরম পরোটা বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য স্পেশাল কষা গরু কিংবা খাসির মাংস সেরা পছন্দ। ঘরের গৃহিণীরা খুব ভোরে উঠে রান্না করেন সেই মজাদার খাবার।

টকদই, আদা-রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা এবং সাধারণ গরম মসলা দিয়ে মেখে সামান্য আঁচে ধীরে ধীরে ভুনা করে খুব সহজে তৈরি করে ফেলেন গৃহকর্ত্রীরা, যা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় অনেক গুণ।
চলুন জেনে নেওয়া যাক, স্পেশাল কষা মাংসের রেসিপি—
উপকরণ
মাংস ১ কেজি (ছোট টুকরো করা)। টকদই ১/২ কাপ। পেঁয়াজ কুচি ১ কাপ। আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ। মরিচ ও ধনেয়া গুঁড়া ১ টেবিল চামচ। হলুদ গুঁড়ো ১ চা চামচ। আস্ত গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা)। বেরেস্তা, তেল ও লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে মাংস ধুয়ে টকদই, অর্ধেক আদা-রসুন বাটা, গুঁড়া মসলা ও লবণ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট বা ১ ঘণ্টা রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে আস্ত গরম মসলা ও পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ লাল হলে বাকি আদা-রসুন বাটা দিন। এবার মেরিনেট করা মাংস দিয়ে উচ্চ আঁচে ৫-৭ মিনিট কষিয়ে নিন। এরপর ঢাকনা দিয়ে মাঝারি আঁচে সময় নিয়ে কষাতে থাকুন যতক্ষণ না তেল ওপরে ভেসে ওঠে। এবার সামান্য গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে হালকা আঁচে রান্না করুন যতক্ষণ না মাংস নরম হচ্ছে। মাংস মাখা মাখা হলে বেরেস্তা ও এক চিমটি গরম মসলার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। তবে সকালে সময়ের অভাবে মাংস আগের রাতে মেরিনেট করে ফ্রিজে রাখতে পারেন।
সূত্র: যুগান্তর









