লাইফ স্টাইল

উপকারী ইসবগুল সবার জন্য ‘উপকারী’ নয়, জানুন কারণ

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কোষ্ঠকাঠিন্য হলে অনেকেই প্রথমে ইসবগুলের দিকে যায়। প্রাকৃতিক, সহজলভ্য এবং ঘরোয়া হওয়ায় এটি দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশে ব্যবহার হয়ে আসছে। চিকিৎসকরাও স্বল্পমেয়াদে ইসবগুল খেতে পরামর্শ দেন। তবে পুষ্টিবিদরা সতর্ক করছেন, ভুলভাবে বা দীর্ঘদিন এটি ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, ইসবগুলে প্রচুর ফাইবার থাকে। যদিও অনেকের জন্য এটি উপকারী, তবে যাদের হজমে সমস্যা, গ্যাস বা পেটফাঁপা থাকে তাদের জন্য ইসবগুল আরও সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে ক্ষুদ্রান্ত্রে অতিরিক্ত ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ফাইবার হজম কঠিন হয়ে পড়ে, ফলে পেটব্যথা, অস্বস্তি ও অতিরিক্ত গ্যাস হতে পারে।

দীর্ঘমেয়াদি ব্যবহারেও সতর্ক থাকতে হবে। প্রতিদিন ইসবগুল খাওয়ার অভ্যাস শরীরকে মলত্যাগে অলস করে দিতে পারে এবং স্বাভাবিকভাবে পায়খানা করা কঠিন হয়ে যেতে পারে।

পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, ইসবগুল খেতে হলে পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি কম হলে মল শক্ত হয়ে কোষ্ঠকাঠিন্য আরও বাড়তে পারে। তাই প্রথমে অল্প পরিমাণ—প্রায় আধা থেকে ১ চা-চামচ—খাওয়া উচিত এবং শরীরের প্রতিক্রিয়া দেখার পর পরিমাণ বাড়ানো যেতে পারে।

প্রাকৃতিক হওয়ায় যে কোনো জিনিস সম্পূর্ণ নিরাপদ নয়। তাই ইসবগুল ব্যবহার করতে চাইলে ভুল ব্যবহার বা অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত পানি, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো।

 

সূত্র: যুগান্তর