
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুস সাত্তার (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার মিরাট ইউনিয়নের চরকানাই গ্রামে নিজ বাড়ির কক্ষ থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। আব্দুস সাত্তার চরকানাই গ্রামের মৃত জবান আলীর ছেলে।
তার মৃত্যুর সঠিক কারণ বলতে পারেনি কেউ। তবে তার পরিবারের দাবি- সাত্তার দীর্ঘদিন ধরে নানা রোগে ও মানসিক সমস্যায় ভুগছিলেন। হয়তো সেই কারনেই তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সাত্তারের বাড়িতে পরিবারের সদস্যরা কেউ ছিলেন না। সাত্তার বাড়িতে একাই ছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সাত্তার গলায় ফাঁস দিয়েছেন। এ সময় পরিবারের লোকজন বাড়িতে গিয়ে দেখেন নিজ ঘরের তীরের সাথে গলায় রশি (দড়ি) পেঁচানো অবস্থায় সাত্তারের লাশ ঝুলছে। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাত্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সাত্তার আত্মহত্যা করেছেন মর্মে তার পরিবার থানায় ইউডি মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









