নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও অপহরণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন সংগঠনটির নেতারা। তাঁদের অভিযোগ, নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলকে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার শহরের গোস্তহাটির মোড়ে নওগাঁ শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, চেম্বারের পরিচালক তোফিকুল ইসলাম বাবু, নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৪ জানুয়ারি নওগাঁ-৩ নম্বর আমলী আদালতে ইকবাল শাহরিয়ার রাসেলসহ চারজনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও অপহরণ মামলা করেন ঠিকাদার কাজী আমিনুল ইসলাম ওরফে মুকুল। তাঁর বিরুদ্ধে দরপত্র দাখিলে বাঁধা প্রদানসহ চাঁদাবাজি ও অপহরণের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নওগাঁর সর্বোচ্চ করদাতা। তাঁকে সামাজিকভাবে হেয় করার জন্য এই মিথ্যা মামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বক্তব্যে আরও বলা হয়, ইকবাল শাহরিয়ার রাসেলর বিরুদ্ধে করা মামলার বাদী আমিনুল ইসলাম একজন বিতর্কিত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে ইতোমধ্যে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, অর্থ আত্মসাত ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন। চেম্বারের সভাপতির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য অভিযোগ আনার দায়ে তাঁকে কঠোর শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মোহাম্মদ আঙ্গুর নামে চেম্বারের এক সদস্য ঠিকাদার আমিনুল ইসলামের কাছে ১০ লাখ টাকা পাবেন। আঙ্গুর চেম্বারের সদস্য হিসেবে পাওনা টাকা পরিশোধের জন্য চেম্বারের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন। চেম্বারের সভাপতি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে গেলে আমিনুল ইসলাম আমাদের সভাপতির বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ দায়ের করে আদালতে মামলা করেন।
এদিকে চেম্বারের সভাপতি রাসেলের বিরুদ্ধে মামলা করায় বাদী নিজেই মিথ্যা মামলায় হাজত বাস করছেন বলে অভিযোগ ঠিকাদার আমিনুল ইসলামের পরিবারের। এদিকে চেম্বারের সভাপতি রাসেলের বিরুদ্ধে মামলা করায় বাদী নিজেই মিথ্যা মামলায় হাজত বাস করছেন বলে অভিযোগ ঠিকাদার আমিনুল ইসলামের পরিবারের। তাঁর হুমকিতে আমিনুলের পরিবারের এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের নিরাপত্তা, আমিনুলের মুক্তি প্রদান এবং রাসেলের শাস্তি এবং বিচার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আমিনুলের বড় মেয়ে কাজী ফারজানা।
কাজী ফারজানা বলেন, ‘বাবা মামলা করার পর থেকেই তাঁর পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করা হচ্ছে মামলা উঠিয়ে নেওয়ার জন্য। গত ৫ জানুয়ারি বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গত ২৮ জানুয়ারি বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। অথচ বাবা কোনো দিন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। শুধু তাই নয় গত ২৮ জানুয়ারি আবু ওবায়দা এবং গত ৫ ফেব্রুয়ারি সাদেকুল ইসলাম এক ব্যক্তি মিথ্যা অর্থ আত্মসাতের মামলা দিয়েছেন। শুনতেছি বাবার বিরুদ্ধে নাকি আরও মামলা দেওয়া হবে।’
স/শ










