নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এক মহিলা কর্মচারী ও একই অফিসের সহকারী জেনারেল ম্যানেজারের (এজিএম) বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। শনিবার থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সংগ্রহ পরিদপ্তরের উপ-পরিচালক শাহিন উদ্দিন চৌধুরী বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।
এ সময় তিনি ভুক্তভোগী মহিলা কর্মচারী, অভিযুক্ত কর্মকর্তা, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের কথা শোনেন এবং তাঁদের লিখিত বক্তব্য নেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, অফিসের নতুন যোগদান করা ওই মহিলা কর্মচারী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ে ডাটা এন্ট্রি পদে কর্মরত। তিনি কার্যালয়ের মধ্যে এফটাইপ কোয়াটারের নিচ তলায় থাকতেন। গত ৫ অক্টোবর রাতে ওই মহিলার কোয়াটারের ঘরের দরজা খুলে ওই মহিলা কর্মচারি ও এজিএম রাতে ডাটা এন্ট্রির কাজ করছিলেন। এ সময় অফিস কর্মীরা উধ্বর্তন কর্মকর্তাদের জানান।

সমিতির মহা-ব্যবস্থাপক (জিএম) এনামুল হক প্রামানিক জানান, বিষয়টি জানার পরে- যারা (অফিস কর্মী) তাকে জানিয়েছেন এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা দু’জনেই অফিসিয়াল কাজের কথা বলেন। এই অফিসে আসা ওই মহিলা জিএমকে জানিয়েছেন, অফিসে কাজ বুঝে নেয়ার জন্য তিনি (এজিএম) তাকে সহযোগিতা করে থাকেন। এ ছাড়াও যারা তাকে জানিয়েছেন- তারাও কোন অনৈতিক কর্মকান্ডের ঘটনা দেখেননি বলে জিএমকে জানিয়েছেন।
তিনি আরো জানান, কোন কর্মীদের ঘরে গিয়ে রাতে কারো কাজ করার নিয়ম নেই। এই অফিসিয়াল নিয়ম ভঙ্গের অভিযোগে গত ১০ অক্টোবর ওই মহিলা কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেন এবং এজিএমকে সিলেটে পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে বদলির নির্দেশ দেন। পরে বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় অন্যভাবে লেখালেখি হলে পল্লী বিদ্যুৎ অ্যান্ড বোর্ড থেকে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে তার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কর্মকর্তা শাহিন উদ্দিন চৌধুরী সিল্কসিটি নিউজকে বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক নির্বাহী আদেশে তদন্ত কাজ শুরু করেছি। সংশ্লিষ্ট বিভিন্নজনের কথা শুনেছি এবং রেকর্ড রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
স/শ










