লাইফ স্টাইল

ব্যস্ত সকালে ১০ মিনিটেই বানিয়ে নিন ৭ স্বাস্থ্যকর নাশতা

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সকালের নাশতা দিনের গুরুত্বপূর্ণ খাবারগুলোর একটি। কিন্তু অফিস, ক্লাস কিংবা অন্য কাজের ব্যস্ততায় অনেকেরই নাশতা করার সময় হয়ে ওঠে না।

কেউ তাড়াহুড়োয় শুধু এক কাপ চা খেয়েই বেরিয়ে পড়েন, আবার কেউ নাশতা না করেই শুরু করেন দিনের কাজ। অথচ সকালে একটু পরিকল্পনা করলেই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু নাশতা।
রান্নার জন্য দীর্ঘ সময় না থাকলেও চিন্তার কিছু নেই। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মাত্র ১০ মিনিটেই বানিয়ে নিতে পারেন এসব নাশতা।

১. মসলা ডিম টোস্ট
সাধারণ ডিম-পাউরুটিকে একটু মজাদার করতে পারেন মসলা দিয়ে। দুটি ডিমের সঙ্গে কুচি করা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ ও সামান্য হলুদ মিশিয়ে নিন। প্যানে অল্প তেল দিয়ে মিশ্রণটি ঢেলে তার ওপর এক টুকরো আটার পাউরুটি বসিয়ে দিন। ডিম জমে এলে উল্টে দুই পাশ ভালোভাবে সেঁকে নিন।

চাইলে সঙ্গে পুদিনার চাটনি বা মরিচের গুঁড়া দিতে পারেন।
২. মুগ ডালের চিলা
নাশতায় ডিমের বদলে চাইলে রাখতে পারেন মুগ ডালের চিলা। ভেজানো মুগ ডাল, আদা, কাঁচামরিচ ও সামান্য পানি দিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন। এতে ধনেপাতা, লবণ ও পছন্দের মসলা মিশিয়ে গরম প্যানে পাতলা করে ছড়িয়ে দিন। দুই পাশ সোনালি করে সেঁকে নিন।

সঙ্গে পুদিনা ও ভাজা জিরা মেশানো দই থাকলে স্বাদ আরো বাড়বে।

৩. পিনাট বাটার-বানানা টোস্ট
সকালে রান্নার সময় একেবারেই নেই? পাউরুটি সেঁকে তাতে পিনাট বাটার লাগিয়ে ওপরে কলার টুকরো সাজিয়ে নিন। চাইলে সামান্য চিয়া বীজ, দারুচিনি ও মধু দিতে পারেন। তৈরি হতে সময় লাগবে কয়েক মিনিটই।

৪. মসলা পনির স্যান্ডউইচ
পনির ঝুরঝুরে করে তার সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, লবণ, গোলমরিচ ও সামান্য চাট মসলা মিশিয়ে নিন। দুই টুকরো পাউরুটির মধ্যে পুর দিয়ে অল্প মাখন বা অলিভ অয়েলে সেঁকে নিন। ফ্রিজে থাকা পছন্দের সবজি দিয়েও এই স্যান্ডউইচের পুর বানিয়ে নিতে পারেন।

 

৫. দই-ফলের বাটি
চুলার সামনে দাঁড়ানোরও সময় নেই? একটি বাটিতে চিনি ছাড়া ঘন দই নিয়ে তার সঙ্গে কলা, পেঁপে, ডালিম বা অন্য মৌসুমি ফল যোগ করুন। ওপর থেকে বাদাম, বীজ ও সামান্য গ্র্যানোলা ছড়িয়ে দিন। স্বাদ বাড়াতে অল্প দারুচিনি বা এক চা-চামচ মধুও দিতে পারেন।

৬. ঝটপট সবজি-পোহা
চিঁড়া ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর প্যানে অল্প তেল দিয়ে সরিষা, কারিপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ ও বাদাম ভেজে নিন। সঙ্গে গাজর বা মটরশুঁটি দিয়ে হলুদ ও লবণ মিশিয়ে নিন। সবশেষে চিঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ধনেপাতা ও সামান্য লেবুর রস ছড়িয়ে দিন। আগে থেকে সবজি কেটে রাখলে আরো দ্রুত বানিয়ে নেওয়া যাবে।

 

৭. চকোলেট-বানানা স্মুদি
সকালে বসে নাশতা করার সময় নেই? কলা, দুধ, পিনাট বাটার, চিনি ছাড়া কোকো পাউডার ও ঘন দই একসঙ্গে ব্লেন্ড করে নিন। কয়েক টুকরো বরফ দিলে আরো ভালো লাগবে। চাইলে এতে সামান্য ওটস বা চিয়া বীজ যোগ করতে পারেন।

সকালের ব্যস্ততায় নাশতা বাদ দেওয়ার অভ্যাস বদলাতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই ১০ মিনিটে বানিয়ে নেওয়া যায় এমন কয়েকটি পদ হাতের কাছে রাখলেই ব্যস্ত সকালেও নাশতা করা সহজ হবে।