সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন পেন্টাগন ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদারে ‘প্রজেক্ট মেরিডিয়ান’ নামে এক নতুন উচ্চপর্যায়ের উদ্যোগ শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক ঘোষণায় জানান, দেশের সেরা মেধাবীদের সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা প্যানেলে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক যৌথভাবে নেতৃত্ব দিবেন।
মাস্কের পাশাপাশি ডিফেন্স-টেক উদ্যোক্তা পালমার লাকি ও প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ এই প্যানেলে সহ-নেতৃত্বে থাকছেন।
পেন্টাগনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এমিল মাইকেলের তত্ত্বাবধানে এই গবেষণা পরিচালিত হবে। হেগসেথ এই উদ্যোগকে ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নে আমেরিকার সেরা মেধাগুলোকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সংঘাতের সেরা ভবিষ্যৎবাণী কেবল পেন্টাগনের ভেতরের কর্মকর্তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই বেসরকারি খাতের সেরা প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্ভাবকদের সম্পৃক্ত করা হয়েছে।

আগামী ১২০ দিনের মধ্যে প্যানেলটি যুদ্ধ, অঞ্চল ও প্রযুক্তিগত গতিপথ বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে।
এই প্রকল্পের অংশ হিসেবে হেগসেথ ‘অটোনোমাস ওয়ারফেয়ার কমান্ড’ নামে চার তারকা বিশিষ্ট একটি নতুন যুদ্ধ কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেন। এটি মূলত রোবোটিক ও স্বয়ংক্রিয় সামরিক প্রযুক্তি দ্রুত প্রসারে কাজ করবে। প্রতিরক্ষামন্ত্রী পিট বলেন, প্রযুক্তিতে পিছিয়ে পড়ার আগেই ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো অনুমান করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই সাথে ভবিষ্যৎ প্রজন্মের সৈন্যদের জন্য নতুন পেশাগত কাঠামো এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উদ্ভাবন ও মোতায়েন নিশ্চিত করবে এই উদ্যোগ।









