আন্তর্জাতিক

ধর্ষণের শিকার শিশুকে বিচারকের চিঠি: এই আঙ্কেল সারাজীবন খাঁচায় বন্দি থাকবে

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবার স্কুলে ফিরুক, বন্ধুদের সঙ্গে হাসুক, খেলুক আর নিজের মতো করে স্বপ্ন দেখুক, নির্যাতনের শিকার এমনই এক শিশুকে আশার বার্তা দিয়েছেন ভারতের দিল্লির এক বিচারক। ওই শিশুকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘এখন বাবা বাঁচো, স্কুলে যাও, বন্ধু বানাও, হাসো, খেলো, স্বপ্ন দেখো।

’
আইনি সংবাদবিষয়ক ওয়েবসাইট লাইভল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ধর্ষণের শিকার হওয়া সাত বছর বয়সী এক শিশুর মামলার রায়ে এই কথাগুলো লিখেছিলেন দিল্লির অতিরিক্ত দায়রা জজ রজনী রাঙ্গা। শিশুটির বর্তমান বয়স ১০ বছর। দিল্লি হাইকোর্ট জেলা আইনি সেবা কর্তৃপক্ষকে (ডিএলএসএ) বিচারকের এই বার্তা ছাপিয়ে শিশুটির কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালত একই সঙ্গে শিশুটির পরিবারকে নির্ধারিত ১০ লাখ ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের অর্থ নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে।

বিচারকের এই বার্তায় শুধু আইনি সিদ্ধান্ত নয়, নির্যাতনের পরও শিশুটির স্বাভাবিক জীবন ও ভবিষ্যতের দিকে ফিরে তাকানোর একটি মানবিক আহ্বানও উঠে এসেছে।
পকসো আইনে ১২ বছরের কম বয়সী শিশুর ওপর গুরুতর যৌন নিপীড়ন এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের দায়ে সুমিত শাক্যকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার সময় অতিরিক্ত দায়রা জজ রজনী রাঙ্গা শিশুটির উদ্দেশে ওই মানবিক বার্তা লেখেন। আদালত সুমিত শাক্যকে তার স্বাভাবিক জীবনের বাকি সময়ের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেন।

লাইভল-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক রাঙ্গা শিশুটিকে ‘বেটা’ (সন্তান) বলে সম্বোধন করে রায়ের শাস্তির বিষয় থেকে তার ভবিষ্যতের দিকে মনোযোগ দেন। বিচারক রজনী রাঙ্গা শিশুটিকে বলেন, ‘এই আদালত তোমাকে তোমার শৈশব ফিরিয়ে দিতে পারবে না।

তবে তোমাকে এই নিশ্চয়তা দিতে পারে যে, তোমার কথা শোনা হয়েছে। এখন বাবা, নিজের জীবনটা যাপন করো। স্কুলে যাও, বন্ধু বানাও, হাসো, খেলো, স্বপ্ন দেখো।

এই আদালত তোমার সাহসের কথা সবসময় মনে রাখবে।’ শিশুটির অনুরোধ ছিল, অভিযুক্তকে যেন বৃদ্ধ বয়স পর্যন্ত কারাগারে রাখা হয়। বিচারক রাঙ্গা তার সেই আবেদনও রায়ে উল্লেখ করেন।
তিনি লেখেন, ‘এই আদালত তোমার কথা শুনেছে। তুমি যখন বলেছিলে, ‘এই আঙ্কেল বুড়ো না হওয়া পর্যন্ত তাকে জেলে রেখে দিন’, তখনও এই আদালত তোমার কথা শুনেছিল। আর এখন এই আদালত তোমার সেই আবেদনের জবাব দিয়েছে। আদালত আদেশ দিয়েছেন, তুমি যাকে ‘আঙ্কেল’ বলতে, সে আর কোনোদিন মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না। বাকি জীবন তাকে খাঁচাতেই কাটাতে হবে। সে ওই খাঁচাতেই বৃদ্ধ হবে। সেই খাঁচাতেই তার মৃত্যু হবে। কখনো তোমার, তোমার ছোট বোনের বা অন্য কোনো শিশুর ক্ষতি করতে পারবে না।’

নির্যাতিতার কাছে বিচারকের বার্তা পৌঁছে দিতে হাইকোর্টের নির্দেশ

লাইভল-এর প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি হাইকোর্ট জেলা আইনি সেবা কর্তৃপক্ষকে (ডিএলএসএ) নির্যাতিত শিশুটির কাছে বিচারকের লেখা বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি প্রতিভা এম সিং ও বিচারপতি দীনেশ ভাটের ডিভিশন বেঞ্চ ডিএলএসএকে নির্দেশ দিয়েছে, ট্রায়াল জজের বার্তাটি ছাপিয়ে ১০ লাখ ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের অর্থের সঙ্গে শিশুটি বা তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে।

দিল্লির বুধ বিহার থানায় নথিভুক্ত পকসো মামলায় সুমিত শাক্যের করা আপিলের শুনানির সময় হাইকোর্ট এই নির্দেশ দেয়। লাইভল-এর তথ্য অনুযায়ী, আদালতের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি এবং ক্ষতিপূরণের বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য ডিএলএসএকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

অভিযুক্তের আপিল খারিজ

দিল্লি হাইকোর্ট সুমিত শাক্যের আপিল গ্রহণ করলেও এই পর্যায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। আদালত ফরেনসিক প্রমাণসহ মামলায় থাকা সাক্ষ্য ও অন্যান্য নথি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দেন। আদালত আরো নির্দেশ দিয়েছেন, তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে ভুক্তভোগী শিশুর কাছে আপিলের নোটিশ পৌঁছে দিতে হবে।

লাইভল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ডিএলএসএর স্ট্যাটাস রিপোর্ট পাওয়ার জন্য আগামী ৪ নভেম্বর মামলাটির শুনানি হবে। আর শাক্যের আপিলের মূল শুনানির জন্য ২০২৭ সালের ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে আদালত।