সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রে চারজনকে হত্যার অভিযোগে একটি বাঘিনীকে চেতনানাশক দিয়ে অচেতন করে ধরার পর তার মৃত্যু হয়েছে। বন বিভাগের একটি বিশেষ দল সোমবার বাঘিনীটিকে ধরেছিল।
তবে উদ্ধারকেন্দ্রে নেওয়ার পথে সেটি মারা যায়।
এক বন কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় দুজনসহ মোট চারজনের মৃত্যুর জন্য বাঘিনীটিকে দায়ি করা হয়। গত ১৭ আগস্ট থেকে অমরাবতী ও ওয়ার্ধা জেলার বিভিন্ন এলাকায় বাঘিনীটি আতঙ্ক সৃষ্টি করেছিল। সর্বশেষ ৬ ও ৭ সেপ্টেম্বর দুজন নিহত হন।

তিনি বলেন, অমরাবতীর চান্দুর বাজার তালুকের শিরজাগাঁও কসবা এলাকা থেকে বন বিভাগের বিশেষ দলটি বাঘিনীটিকে চেতনানাশক দিয়ে অচেতন করে ধরে। পরে নাগপুরের একটি বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে নেওয়ার পথে সেটি মারা যায়। সঙ্গে থাকা দলটি বাঘিনীটিকে বাঁচানোর চেষ্টা করেও সফল হয়নি। ময়নাতদন্তের পর বাঘিনীটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ওই কর্মকর্তা জানান।
এর আগে অমরাবতীর উপ-আঞ্চলিক বন সংরক্ষক অর্জুন কেআর বলেছিলেন, বাঘিনীটি ওয়ার্ধার আস্টি তালুকা এলাকা থেকে এসেছিল। গত ২০ দিনে এটি ভারুদ, মোরশি ও চান্দুর বাজার তালুকে গবাদিপশু ও মানুষের ওপর হামলা চালিয়েছিল।
ভারতের মহারাষ্ট্রের অমরাবতী ও ওয়ার্ধা জেলায় একটি বাঘিনীর হামলায় চারজন নিহত হয়েছেন। অমরাবতী জেলা তথ্য অফিসের (ডিআইও) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহতদের মধ্যে ওয়ার্ধার নরসিংপুরের রামভাউ ভোয়ার (৭৪) ১৭ আগস্ট, ভাম্বোরার চরণদাস ইখে (৫৫) ২৭ আগস্ট, মোর্শির সোনোরির ঊর্মিলা ইভনে (১৮) ৬ সেপ্টেম্বর এবং চান্দুরবাজারের শিরজাগাঁও বাজারের দীনেশ আওয়ারে (৪৫) ৭ সেপ্টেম্বর মারা যান।
৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগ দিনরাত টহল জোরদার করে। পাশাপাশি ক্যামেরা ট্র্যাপ, থার্মাল ড্রোন ও জনসচেতনতামূলক প্রচারণার মাধ্যমে বাঘিনীটিকে শনাক্ত ও ধরতে অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে জেলা প্রশাসন ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে বাঘিনীটিকে অচেতন করা সম্ভব হয়। এতে এলাকায় আরো প্রাণহানি ও ঝুঁকি এড়ানো গেছে। বন বিভাগ নিহতদের পরিবারের সদস্যদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অভিযানে অমরাবতী ও ওয়ার্ধা বন বিভাগ, মেলঘাট টাইগার প্রজেক্ট, আকোলা বন বিভাগ, পুনে থেকে আসা একটি বিশেষ দল, জেলা প্রশাসন, পুলিশ, সম্মানিত বন্যপ্রাণী রক্ষী এবং বিভিন্ন এনজিওর সদস্যরা অংশ নেন।









