সিল্কসিটিনিউজ ডেস্ক:
তিউনিসিয়ার অভিজাত উপকূলীয় এলাকা লা মার্সায় একটি রেস্তোরাঁর বাইরে আত্মহত্যা করেছেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। রেস্তোরাঁয় গিয়ে খাবার না পাওয়ার পর তিনি আত্মহত্যা করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
গলফ নিউজ বলছে, ক্ষুধার্ত ওই ব্যক্তি রেস্তোরাঁয় গিয়ে কিছু খাবার চান। তবে তাকে জানানো হয়, খাবার দেওয়া সম্ভব নয়। এরপর কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই তিনি সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর স্থানীয় একটি দোকান থেকে রেজর ব্লেড কেনার পর তিনি রেস্তোরাঁটির সামনে ফিরে আসেন বলে জানা গেছে।

সেখানে পথচারীদের সামনে নিজের শরীরে গুরুতর আঘাত করেন তিনি।
খবর পেয়ে বেসামরিক সুরক্ষা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এরপর ঘটনাটি দ্রুত তিউনিসিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই ঘটনাটিকে দারিদ্র্য, সামাজিক অনিরাপত্তা এবং বেকারত্ব, ঋণ ও অর্থনৈতিক সংকটে থাকা মানুষের ওপর ক্রমবর্ধমান চাপের একটি ভয়াবহ প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেন।
তবে ঘটনার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ ভিন্ন একটি বিবৃতি দিয়েছে। তারা জানায়, ওই ব্যক্তি একই দিন এর আগে রেস্তোরাঁয় এসেছিলেন এবং তাকে বিনামূল্যে খাবার দেওয়া হয়েছিল। পরে সন্ধ্যায় তিনি আবার খাবার চাইতে এলে কর্মীরা অনুরোধটি প্রত্যাখ্যান করেন এবং এ নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়।
রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, এরপর ওই ব্যক্তি চলে যান এবং পরে আবার ফিরে এসে রেস্তোরাঁর বাইরে নিজের শরীরে আঘাত করেন।









