আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত দুই সদস্য নিহত, দাবি তেহরানের

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই দুই ব্যক্তি নিহত হন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, একই ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিস্তান ও বেলুচেস্তান প্রদেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং অবকাঠামোর ক্ষতি করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানে প্রবেশের চেষ্টা করার অভিযোগ রয়েছে।

এদিকে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়ি-রাদ বলেছেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে ইরান আরো কঠোরভাবে এবং আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানাবে। ফার্স নিউজ এজেন্সি তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সুপ্রিম লিডারের কার্যালয়ের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা সানায়ি-রাদ বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধে আমরা দৃঢ়ভাবে প্রতিরোধ করেছি। ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আমরা আরো দৃঢ়ভাবে এবং আরো আক্রমণাত্মকভাবে প্রতিরোধ করব।’

যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, ইরানের ‘শত্রু’ অর্থনৈতিক চাপের মাধ্যমে দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল। তবে সেই পরিকল্পনা সফল হয়নি বলেও দাবি করেন তিনি।