সিল্কসিটিনিউজ ডেস্ক :
আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো মস্তিষ্ক। স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাভাবনা থেকে শুরু করে পুরো শরীরের সব কাজই নিয়ন্ত্রণ করে ব্রেন।
তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের মতে, কেবল বই পড়া বা ধাঁধার সমাধান করাই নয়, প্রতিদিনের খাদ্যতালিকায় সঠিক খাবার রাখাও মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে। ব্রেনকে সতেজ ও সক্রিয় রাখতে নিয়মিত ৫ ধরনের খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

তেলযুক্ত মাছ: স্যামন, টুনা, সার্ডিন বা ম্যাকারেলের মতো মাছ ব্রেনের জন্য দারুণ উপকারী।
এই মাছগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্কের কোষকে শক্তিশালী করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। নিয়মিত তেলযুক্ত মাছ খেলে বয়সের কারণে ভুলে যাওয়ার সমস্যা বা স্মৃতিভ্রংশের ঝুঁকি অনেকটাই কমে।
সবুজ শাকসবজি: পালং শাক, মেথি, ব্রকলি বা যেকোনো সবুজ পাতাযুক্ত সবজি ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন কে, ফলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং মনোযোগ বাড়ায়।
প্রতিদিনের খাবারে অন্তত এক বাটি সবুজ শাকসবজি রাখা উচিত।
টমেটো: টমেটোতে থাকা ‘লাইকোপিন’ নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের প্রভাব কমাতে সাহায্য করে। এর ফলে ব্রেন সেলের ক্ষয় ধীরগতির হয়। প্রতিদিনের স্যালাড, স্যুপ বা তরকারিতে নিয়মিত টমেটো রাখলে উপকার পাওয়া যায়।
আখরোট ও বেরিজাতীয় ফল: দেখতে মানুষের মস্তিষ্কের মতো আখরোটে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ওমেগা-৩, যা ব্রেনের পুষ্টি জোগায়।
পাশাপাশি ব্লুবেরি বা স্ট্রবেরির মতো ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি বাড়াতে অনন্য।
পরিমিত চা ও কফি: চা বা কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে তাৎক্ষণিকভাবে সক্রিয় ও মনোযোগ সতেজ রাখতে সাহায্য করে। বিশেষ করে গ্রিন টি-র অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের জন্য খুবই ভালো। তবে অতিরিক্ত কফি খেলে ঘুমের সমস্যা বা উদ্বেগ বাড়তে পারে, তাই এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু ভালো খাবার খেলেই হবে না; এর পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং মানসিক চাপমুক্ত থাকাটাই মস্তিষ্ককে দীর্ঘদিন সুস্থ রাখার আসল চাবিকাঠি।
সূত্র : আজকাল









