সিল্কসিটিনিউজ ডেস্ক :
ছোট রান্নাঘর অনেকের কাছেই বড় সমস্যা। জায়গা কম হওয়ায় জিনিসপত্র গুছিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
ফলে রান্নাঘর অগোছালো দেখায় এবং আরো ছোট মনে হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ কৌশল ব্যবহার করলে ছোট রান্নাঘরও সুন্দর, পরিপাটি এবং তুলনামূলক বড় দেখানো সম্ভব।
আলো বাড়ালে রান্নাঘর বড় দেখায়

ছোট রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত আলো। রান্নাঘর অন্ধকার হলে জায়গা আরো ছোট মনে হয়।
তাই দিনের আলো যেন ভালোভাবে ঢুকতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি রাতে পর্যাপ্ত কৃত্রিম আলোর ব্যবস্থাও জরুরি।
বিশেষজ্ঞদের মতে, আন্ডার-ক্যাবিনেট এলইডি, পেন্ডেন্ট লাইট বা হালকা উজ্জ্বল আলোর ব্যবহার রান্নাঘরকে আরো খোলামেলা দেখাতে সাহায্য করে।
অপ্রয়োজনীয় জিনিস বাইরে না রাখাই ভালো
জায়গা কম হলে রান্নাঘরের কাউন্টারটপে অতিরিক্ত জিনিস রাখা উচিত নয়।
মশলার কৌটো, বাসনপত্র বা ছোটখাটো জিনিস ছড়িয়ে থাকলে রান্নাঘর অগোছালো লাগে। এতে জায়গাও আরো কম মনে হয়।
তাই ব্যবহার শেষ হলেই জিনিসপত্র গুছিয়ে রাখা দরকার। কাউন্টারটপ, জানালার পাশ এবং ক্যাবিনেটের ওপরে অপ্রয়োজনীয় কিছু না রাখাই ভালো।
উঁচু ক্যাবিনেট ব্যবহার করা যেতে পারে
বিশেষজ্ঞরা বলছেন, উল্লম্ব নকশা ছোট জায়গাকে তুলনামূলক বড় দেখাতে সাহায্য করে।
তাই রান্নাঘরে মেঝে থেকে ওপর পর্যন্ত উঁচু ক্যাবিনেট ব্যবহার করলে সিলিং বেশি উঁচু মনে হয়।
যেসব জিনিস প্রতিদিন ব্যবহার হয় না, সেগুলো ওপরের তাকগুলোতে রাখা যেতে পারে। আর দৈনন্দিন প্রয়োজনের জিনিস হাতের কাছে রাখলে কাজ করতেও সুবিধা হয়।
চকচকে পৃষ্ঠ ব্যবহার করলে আলো বাড়ে
ছোট রান্নাঘরে হালকা ও চকচকে উপকরণ ব্যবহার করলে আলো বেশি প্রতিফলিত হয়। এতে ঘর উজ্জ্বল দেখায়।
বিশেষজ্ঞদের মতে, ক্যাবিনেটের সানমাইকা বা কাউন্টারটপ যত বেশি চকচকে হবে, রান্নাঘর তত বেশি খোলামেলা মনে হবে।
কাচের দরজার ক্যাবিনেট ঘরকে বড় দেখাতে পারে
কাঠের বদলে কাচের দরজাযুক্ত ক্যাবিনেট ব্যবহার করলে জায়গা তুলনামূলক বড় দেখায়।
কারণ কাচের মাধ্যমে ভেতরের অংশ দেখা যায়, ফলে চোখে বাধা কম লাগে। এতে রান্নাঘর কিছুটা বিস্তৃত মনে হয়।
তবে এ ক্ষেত্রে ক্যাবিনেটের ভেতরের জিনিসপত্র পরিপাটি করে রাখতে হবে। ভেতরে অগোছালো থাকলে পুরো সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে।
ছোট রান্নাঘর গুছিয়ে রাখতে যা জরুরি
বিশেষজ্ঞদের মতে, ছোট রান্নাঘর সুন্দর রাখতে কয়েকটি বিষয়ের দিকে নজর দেওয়া দরকার-
পর্যাপ্ত আলো রাখা
কাউন্টারটপ ফাঁকা রাখা
উঁচু ক্যাবিনেট ব্যবহার করা
চকচকে ও হালকা রঙের উপকরণ বেছে নেওয়া
জিনিসপত্র পরিপাটি করে সাজিয়ে রাখা
তাদের মতে, সামান্য পরিকল্পনা ও সঠিক গুছিয়ে রাখার অভ্যাস ছোট রান্নাঘরকেও আরামদায়ক ও আকর্ষণীয় করে তুলতে পারে।









