সিল্কসিটিনিউজ ডেস্ক :
একসময় বিশ্বের বিভিন্ন সমাজে নারীরা সাধারণত দাঁড়িয়ে, হাঁটু গেড়ে বা উবু হয়ে সন্তান প্রসব করতেন। ইতিহাস ও গবেষণায় দেখা যায়, হাজার হাজার বছর ধরে এভাবেই সন্তান জন্ম দেওয়া হতো। চিকিৎসাবিজ্ঞান বলছে, এসব ভঙ্গিতে মাধ্যাকর্ষণ শক্তি কাজে লাগায় সন্তান প্রসব তুলনামূলক সহজ হয়।
তবে বর্তমানে হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি দেখা যায় বিছানায় চিত হয়ে শুয়ে সন্তান প্রসবের পদ্ধতি।

বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, এই পদ্ধতি সব সময় প্রসূতি নারীদের জন্য সুবিধাজনক নয়। কারণ এতে প্রসব দীর্ঘ হতে পারে ও গর্ভের শিশুর অক্সিজেন প্রবাহেও প্রভাব পড়তে পারে।
তততত
তবে বর্তমানে প্রচলিত বিছানায় চিত হয়ে শুয়ে সন্তান প্রসবের রীতি শুরু হয় মাত্র তিন শ থেকে চার শ বছর আগে। গবেষকদের মতে, সপ্তদশ শতকে ফ্রান্সে রাজা চতুর্দশ লুইয়ের আমলে চিকিৎসক ডা. ফ্রাঁসোয়া মারিসো এই পদ্ধতির প্রচলন ঘটান।
ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী, ডা. মারিসো মনে করতেন চিত হয়ে শুয়ে থাকলে সন্তান প্রসব করানো চিকিৎসকের জন্য বেশি সুবিধাজনক। ১৬৬৮ সালে প্রকাশিত তার বই ‘দ্য ডিজিজেজ অব উইমেন উইথ চাইল্ড অ্যান্ড ইন চাইল্ড-বেড’-এ তিনি শুয়ে সন্তান প্রসবকে সবচেয়ে ‘ভালো ও নিশ্চিত’ উপায় বলে উল্লেখ করেন।
ইতিহাসবিদদের কেউ কেউ মনে করেন, ফ্রান্সের রাজা চতুর্দশ লুইও এ ক্ষেত্রে প্রভাব রেখেছিলেন। প্রচলিত ধারণা অনুযায়ী, তিনি সন্তান প্রসবের দৃশ্য দেখতে পছন্দ করতেন।
সে সময় নারীরা বিশেষ চেয়ারে বসে সন্তান প্রসব করতেন। পরে রাজা হেলান দিয়ে বা শুয়ে সন্তান প্রসবের পদ্ধতিকে উৎসাহ দেন।
গবেষকরা বলছেন, আগে সন্তান প্রসবে ধাত্রীরা সহায়তা করতেন। কিন্তু পরে পুরুষ চিকিৎসকদের অংশগ্রহণ বাড়তে থাকায় তাদের নিজেদের সুবিধার্থে নারীদের শুইয়ে সন্তান প্রসব করানোর পদ্ধতির প্রচলন ঘটান।
সন্তান প্রসবের প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ না করায় অনেক দেশে সি-সেকশন বা সিজারের হার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা
২০১৩ সালে পাঁচ হাজারের বেশি নারীর ওপর পরিচালিত ২৫টি গবেষণার পর্যালোচনায় দেখা যায়, দাঁড়িয়ে বা বসে সন্তান প্রসব করলে সিজারিয়ান অপারেশনের ঝুঁকি কমে, প্রসবকাল কম হয় এবং ব্যথানাশক ওষুধের প্রয়োজনও তুলনামূলক কম পড়ে।
উন্নত বিশ্বে ‘অ্যাক্টিভ বার্থে’র ধারণা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।
এ কারণে বর্তমানে অনেক দেশে ‘অ্যাক্টিভ বার্থ’ বা সক্রিয় প্রসব পদ্ধতির প্রতি গুরুত্ব বাড়ছে। এই পদ্ধতিতে প্রসূতি মাকে জোর করে বিছানায় শুইয়ে না রেখে স্বাধীনভাবে নড়াচড়া করা, দাঁড়ানো বা উবু হয়ে বসার সুযোগ দেওয়া হয়।
বিশেজ্ঞরা বলছেন, সন্তান প্রসবের সময় কোন ভঙ্গি সবচেয়ে আরামদায়ক হবে, সে বিষয়ে নারীদের সচেতনতা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়ানো জরুরি।









