লাইফ স্টাইল

৩ কোটি টাকার চাকরি ছেড়ে নিজের পথ বেছে নিলেন গুগলের তরুণ কর্মী

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো। আর সেই চাকরিতে বছরে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা বেতন পেয়েও তা ছেড়ে নিজের উদ্যোগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্কের প্রযুক্তি পেশাজীবী কেভিন নটন জুনিয়র।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানায়।

গুগলে কাজ করার শুরু থেকেই নটন জানতেন, একসময় তিনি নিজের জন্য কাজ করতে চান। তাই ভালো বেতন ও স্থিতিশীল চাকরি থাকলেও সেটিকে তিনি দীর্ঘমেয়াদি ক্যারিয়ার হিসেবে দেখেননি।

তবে ২০২২ সালে বাবাকে হারানোর ঘটনা তার সিদ্ধান্তকে আরো দৃঢ় করে।

এই ব্যক্তিগত ঘটনা তাকে জীবনের অগ্রাধিকার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। নটনের উপলব্ধি হয়, প্রতিদিন এমন কাজ করা উচিত যা তাকে সত্যিই আনন্দ দেয়।

গুগলের চাকরিকে তিনি নিজের পাওয়া সেরা ‘নাইন-টু-ফাইভ’ চাকরিগুলোর একটি বললেও, এটি তার কাঙ্ক্ষিত জীবন ছিল না বলে জানান। শেষ পর্যন্ত নিজের স্টার্টআপ গড়ার পথ বেছে নেন তিনি।

তবে হঠাৎ করে চাকরি ছাড়েননি নটন। তিনি আগে থেকেই কয়েক বছরের খরচ চালানোর মতো অর্থ সঞ্চয় করেছিলেন। ঘনিষ্ঠ এক বন্ধুর পরামর্শও তাকে সিদ্ধান্তটি নিতে সাহায্য করে। বন্ধুটি তাকে বোঝান, কয়েক বছর কাজ না করেও চলার মতো সঞ্চয় থাকলে নিজের উদ্যোগ চেষ্টা করে দেখা উচিত। ব্যর্থ হলে পরে আবার চাকরিতে ফেরার সুযোগ থাকবে।

 

এভাবেই মোটা বেতনের করপোরেট চাকরির নিশ্চয়তা ছেড়ে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটেন নটন। তার সিদ্ধান্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তার গল্পের মূল বার্তা হলো—শুধু বড় বেতন বা প্রতিষ্ঠিত চাকরি নয়, নিজের পছন্দের কাজ এবং জীবনের লক্ষ্যও ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।