সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচারণা জমে উঠেছে। তবে নির্বাচনী মাঠে এখনো স্পষ্টভাবে দেখা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট এডগার লুঙ্গুর প্রভাব।
মৃত্যুর এক বছরেরও বেশি সময় পরও তার মরদেহের দাফন হয়নি। প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা ও লুঙ্গুর পরিবারের মধ্যে এই বিরোধ দেশটির রাজনৈতিক বিভাজন আরো গভীর করেছে।
আগামী ১৩ আগস্ট জাম্বিয়ায় প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হবে। এবারের নির্বাচনে ৮০ লাখের বেশি নিবন্ধিত ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

কয়েক বছরের মধ্যে এটিকে দেশটির সবচেয়ে অনিশ্চিত নির্বাচনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালের নির্বাচনে এডগার লুঙ্গুকে বড় ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট হন হিচিলেমা। এবার তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে চাইছেন। তবে এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি কঠিন।
লুঙ্গুর মৃত্যু, বিরোধী প্রার্থী ব্রায়ান মুণ্ডুবিলের জনপ্রিয়তা বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়, বিদ্যুৎসংকট এবং নির্বাচন নিয়ে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন—সব মিলিয়ে ভোটের হিসাব বদলে গেছে।
রাজধানী লুসাকার রাস্তায় এখন নির্বাচনী প্রচারণার ব্যস্ততা চোখে পড়ছে। দুপুরের তীব্র গরমের মধ্যেও বাজার ও রাস্তায় মানুষের ভিড়। ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কোলাহলের সঙ্গে মিশে যাচ্ছে নির্বাচনী প্রচারের গান ও স্লোগান। শহরের প্রায় সব জায়গায় নির্বাচনী পোস্টার দেখা যাচ্ছে।
বাতির খুঁটি, দোকানের দেয়াল ও রাস্তার পাশে পোস্টারে ছেয়ে গেছে। বড় বড় বিলবোর্ডে প্রেসিডেন্ট ও সংসদ সদস্য প্রার্থীদের ছবি। পথচারীদের দিকে যেন সেসব ছবির চোখ স্থির হয়ে আছে। তবে প্রচারণার সবচেয়ে বড় আলোচনার বিষয় রাজনীতি নয়, জীবনযাত্রার ব্যয়। রাস্তার মোড় থেকে মিনিবাস—সব জায়গায় মানুষ খাবার, জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কথা বলছেন।
করোনাভাইরাস মহামারির পর খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাবও পড়েছে জাম্বিয়ায়। দেশটির বার্ষিক মূল্যস্ফীতি কমে এখন প্রায় ৬ দশমিক ৬ শতাংশে নেমেছে। আট বছরের মধ্যে এটি সর্বনিম্ন। দেশটির মুদ্রা কোয়াচার মানও শক্তিশালী হয়েছে। কিন্তু সাধারণ মানুষের অনেকেই বলছেন, অর্থনীতির এই উন্নতির সুফল তাদের দৈনন্দিন জীবনে এখনো খুব বেশি দেখা যাচ্ছে না। লুসাকা সিটি মার্কেটে ২৭ বছর বয়সী ময়দা কারখানার শ্রমিক গিভেন কাঙ্গওয়া বলেন, তার আয় দিয়ে সংসার চালানো কঠিন। তিনি মাসে প্রায় ৩ হাজার কোয়াচা আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ হাজার টাকা। এই অর্থ দিয়ে খাবার, বাড়িভাড়া ও অন্যান্য খরচ চালানো তার জন্য খুবই কঠিন। রাস্তার খাবার বিক্রেতা থেরেসা জুলুও একই সমস্যার কথা বলেন। তার ভাষায়, টাকা পাওয়া কঠিন হয়ে গেছে এবং বেঁচে থাকার জন্য মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে।
গত পাঁচ বছরে রান্নার তেলের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে। সাধারণ মানুষের কাছে দেশের অর্থনীতির বড় সূচকের চেয়ে এ ধরনের পণ্যের দাম বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যুৎ সরবরাহ নিয়েও দীর্ঘদিন ধরে সমস্যায় আছে জাম্বিয়া। ২০২৪-২৫ সালে ভয়াবহ খরার কারণে জলবিদ্যুৎ উৎপাদন কমে যায়। দেশের কিছু এলাকায় দিনে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকত না। পরে সরকার বেশি অর্থ খরচ করে বিদ্যুৎ আমদানি বাড়ায়। পাশাপাশি সৌরবিদ্যুৎ প্রকল্পও দ্রুত এগিয়ে নেয়। এতে সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ বিভ্রাট কিছুটা কমেছে। তবে দীর্ঘ সময় অন্ধকারে থাকা এবং বিদ্যুৎ না থাকায় ফ্রিজে খাবার নষ্ট হওয়ার অভিজ্ঞতা এখনো মানুষের মনে আছে।
প্রেসিডেন্ট হিচিলেমা অবশ্য তার সরকারের কাজের পক্ষে সাফাই দিচ্ছেন। তার দাবি, ২০২১ সালে ক্ষমতায় আসার সময় দেশটির অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। তিনি এখন অর্থনীতিকে ঘুরে দাড় করানোর ভিত্তি তৈরি করেছেন। লুসাকায় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হিচিলেমা বলেন, তিনি একটি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছিলেন। তার দায়িত্ব নেওয়ার সময় জাম্বিয়া ঋণ সংকটে ছিল এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারছিল না। পরে দেশটির ১৩ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পুনর্গঠন করা হয়। হিচিলেমার দাবি, এর ফলে বছরে প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন ডলার সাশ্রয় হচ্ছে। এই অর্থ শিক্ষা ও অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে বলে তিনি জানান। তার সরকারের অন্যতম বড় উদ্যোগ ছিল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে শিক্ষা চালু করা। সরকারের দাবি, এর ফলে লাখ লাখ শিশু আবার স্কুলে ফিরেছে। একই সময়ে হাজার হাজার শিক্ষক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকার উন্নয়ন তহবিলও বাড়ানো হয়েছে।
দেশটির অর্থনীতির অন্যতম প্রধান খাত তামা উৎপাদনও ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পর্যায়ে উঠেছে। বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে। সরকারের সমর্থকেরা এসব পরিবর্তনকে ইতিবাচক হিসেবে তুলে ধরছেন। এক তরুণী, যিনি শিক্ষক হতে চান, বলেন, গত কয়েক বছরে চাকরি ও অন্যান্য সুযোগ বেড়েছে বলে তিনি মনে করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত চার বছরে বেকারত্বের হার ১৩ শতাংশ থেকে কমে ১১ শতাংশে নেমেছে। তবে সমালোচকদের বক্তব্য, এই উন্নতির সুফল এখনো অনেক পরিবারের কাছে পৌঁছায়নি।
গত বছরের ৫ জুন লুঙ্গুর মৃত্যুর পর জাম্বিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, দুইবার নির্বাচনে জয়ী হওয়ায় লুঙ্গু আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারতেন না। তবে তার মৃত্যুর ফলে বিরোধী দলের সবচেয়ে পরিচিত নেতাকেও হারায় দেশটি। শুরুতে মনে হয়েছিল, এতে হিচিলেমার জন্য নির্বাচন আরো সহজ হয়ে যাবে। লুঙ্গুর দল প্যাট্রিয়টিক ফ্রন্টও ভেঙে পড়ে। দলটির কয়েকজন নেতা ও সমর্থক অন্য বিরোধী দলগুলোর সঙ্গে যুক্ত হন। এরপর ৫৫ বছর বয়সী আইনজীবী ও হিসাবরক্ষক ব্রায়ান মুন্ডুবিলেকে ঘিরে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের চেষ্টা জোরালো হয়। মুন্ডুবিলে লুঙ্গু সরকারের সাবেক প্রধান হুইপ ছিলেন। মে মাসে মনোনয়ন জমা দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার জনপ্রিয়তা বাড়তে থাকে। বিরোধী জোট টন্সে-পামোজি অ্যালায়েন্সের প্রার্থী হিসেবে তিনি ন্যাশনাল রিকনসিলিয়েশন পার্টি ফর ইউনিটি অ্যান্ড প্রসপারিটির প্রতীকে নির্বাচনে লড়ছেন।
লুঙ্গু পরিবারের ঘনিষ্ঠ আইনজীবী মাকেবি জুলু তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। বিরোধী জোট লুঙ্গুর পুরোনো শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দেশের উত্তরাঞ্চলে তার প্রতি মানুষের আনুগত্যকে কাজে লাগানোর চেষ্টা করছে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের অসন্তোষকেও নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ বিষয় করা হয়েছে। মুন্ডুবিলের প্রচারের মূল বক্তব্য হলো প্রজন্মের পরিবর্তন এবং রাজনীতি ও অর্থনীতিতে তরুণ ও নারীদের বেশি অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি বলেন, তরুণদের নিজেদের সমস্যার অনেক সমাধানই রয়েছে। কিন্তু তাদের প্রয়োজন এমন একটি সরকার, যারা তাদের লক্ষ্য পূরণে সহায়তা করবে। নিজেকে তিনি তরুণদের ‘বড় ভাই’ হিসেবে তুলে ধরছেন।
এবারের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে লুঙ্গুর উত্তরাধিকারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার মরদেহ এখনো দাফন করা হয়নি। দাফন নিয়ে লুঙ্গুর পরিবার ও প্রেসিডেন্ট হিচিলেমার মধ্যে বিরোধ চলছে। লুঙ্গুর পরিবার চায় না, হিচিলেমা কোনোভাবেই তার দাফনের সঙ্গে যুক্ত থাকুন। সময়ের সঙ্গে এই বিরোধ একটি বড় রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। বিরোধী প্রার্থী মুন্ডুবিলে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ও তার রানিং মেট মাকেবি জুলু নির্বাচনে জয়ী হলে লুঙ্গুর মরদেহ সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থা করবেন। লুঙ্গুর পুরোনো সমর্থকদের মধ্যে এই প্রতিশ্রুতির প্রভাব দেখা যাচ্ছে। পুরোনো কাপড় বিক্রি করা এনক মাবেঙ্গা বলেন, জীবনযাত্রার উন্নতি চান বলেই তিনি মুন্ডুবিলেকে সমর্থন করছেন। তবে লুঙ্গুর দল বা পুরোনো সরকারকে আবার ক্ষমতায় দেখতে চান না—এমন ভোটারও আছেন। এডিথ মুন্তাঙ্গা বলেন, আগের সরকারকে দেশ চালানোর সুযোগ দেওয়া হয়েছিল এবং তাদের শাসনের অভিজ্ঞতা মানুষ দেখেছে। তাই তিনি তাদের আবার ক্ষমতায় দেখতে চান না।
২০২৫ সালের শেষ দিকে করা গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কারের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন। এসব পরিবর্তনের একটি বড় লক্ষ্য হলো সংসদে নারী ও তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো। নতুন ব্যবস্থায় জাতীয় সংসদে মিশ্র সদস্য পদ্ধতি চালু করা হয়েছে। বেশির ভাগ আসন আগের মতো নির্বাচনী এলাকার ভিত্তিতে নির্বাচিত হবে। পাশাপাশি দলগুলো জাতীয়ভাবে যত শতাংশ ভোট পাবে, তার ভিত্তিতেও কিছু আসন দেওয়া হবে। নির্বাচনী এলাকার আসন ১৫৬ থেকে বাড়িয়ে ২২৬ করা হয়েছে। এর বাইরে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে আরো ৪০টি আসন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ২০টি নারীদের, ১৫টি তরুণদের এবং পাঁচটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাখা হয়েছে। তরুণ বলতে ৩৫ বছরের কম বয়সীদের বোঝানো হয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা খুবই কম। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া ১৪ জন প্রার্থীর মধ্যে মাত্র একজন নারী—স্বতন্ত্র প্রার্থী গিভেন কাতুটা।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় জিততে হলে কোনো প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। কেউ এই সীমা অতিক্রম করতে না পারলে ৩৭ দিনের মধ্যে দ্বিতীয় দফার নির্বাচন হবে। প্রেসিডেন্ট পদে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় এবার দ্বিতীয় দফার ভোট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কতটা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নাগরিক সমাজের কয়েকটি সংগঠন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে। মানবাধিকারকর্মী ও জাম্বিয়ার আইন সমিতির সাবেক সভাপতি লিন্ডা কাসোন্দে নির্বাচন কমিশনের সদস্যদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, কমিশনের কয়েকজন সদস্যের ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে কমিশন কতটা স্বাধীনভাবে কাজ করবে, তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ আছে। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কমিশনের বক্তব্য, তারা সাংবিধানিক দায়িত্বের মধ্যে থেকেই কাজ করছে এবং স্বচ্ছতা ও স্বাধীনতার নীতি মেনে চলছে।
শান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে জাম্বিয়ার দীর্ঘদিনের ভালো ইতিহাস রয়েছে। এবারের নির্বাচনেও সব পক্ষ সেই ঐতিহ্য ধরে রাখার কথা বলছে। তবে এবার পরিস্থিতি অন্যবারের চেয়ে বেশি জটিল। একদিকে হিচিলেমা তার সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কথা তুলে ধরছেন। অন্যদিকে বিরোধীরা জীবনযাত্রার ব্যয়, বেকারত্ব, বিদ্যুৎ সংকট এবং রাজনৈতিক বিভাজনকে সামনে আনছে। এর সঙ্গে যোগ হয়েছে লুঙ্গুর মৃত্যুর পরও তার মরদেহ দাফন না হওয়া এবং তা নিয়ে চলা রাজনৈতিক বিরোধ। নির্বাচনী প্রচারণার সমাবেশে ফুটবল মাঠগুলো মানুষে ভরে যাচ্ছে। সেখানে ভোটাররা গত পাঁচ বছরে দেশের উন্নতি কতটা হয়েছে এবং তাদের নিজেদের জীবনে সমস্যাগুলো কতটা রয়ে গেছে—সেই হিসাবই করছেন।









