আন্তর্জাতিক

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার উপহার দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

উপহার পাওয়া তিনজন হলেন প্রেসিডেন্টের নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং চেম্বারলেইন হ্যারিস। তিনজনই হোয়াইট হাউসে কাজ করেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ন্যাটালি হার্প প্রায় সার্বক্ষণিকভাবেই তার পাশে থেকেছেন। কখনো কখনো তার হয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন এবং তথ্য প্রিন্ট করে দিয়েছেন।

এই ভূমিকার জন্য তাকে ‘মানব প্রিন্টার’ উপাধিও দেওয়া হয়েছে।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক নথিতে এই অর্থকে ‘ছুটির দিনের নগদ উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনজনের প্রত্যেকেই ৪৫ হাজার ডলার করে পেয়েছেন। এ ছাড়া ট্রাম্পের আরেক সহযোগী ওয়াল্ট নাউটাও ২০ হাজার ডলার নগদ উপহার পেয়েছেন বলে সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী তিনি তার সহযোগীদের ছুটির সময় উপহার দিয়ে থাকেন। এসব অর্থ সংশ্লিষ্ট কর্মীদের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয় বলেও ওই কর্মকর্তা দাবি করেছেন। কংগ্রেসে জমা দেওয়া একটি বার্ষিক প্রতিবেদন অনুসারে, প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং নির্বাহী সহকারী হিসেবে তিনি বছরে দেড় লাখ ডলার আয় করেন।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র উপহারগুলোর পক্ষে যুক্তি দিয়ে বলেন, ট্রাম্প দীর্ঘদিন ধরেই তার ঘনিষ্ঠজনদের, এমনকি মাঝে মাঝে কর্মচারী ও সহযোগীদেরও বড়দিনের উপহার দিয়ে আসছেন।’ তারা আরো বলেন, এসব উপহার সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি দায়িত্বের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।

তাই প্রচলিত আইন ও নৈতিক বিধিমালা অনুযায়ী উপহারগুলো সম্পূর্ণ বৈধ।