সদ্য প্রকাশিত
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি
লাইফ স্টাইল

হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটির ২৬ বছরের হাম নির্মূলের স্বীকৃতির অবসান ঘটল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহার করেছে।

সংস্থাটি মনে করছে, দেশটি টানা এক বছরের বেশি সময় ধরে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের বিস্তার বন্ধ করতে পারেনি। তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পিএএইচও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এমন এক সময়ে যুক্তরাষ্ট্র এই স্বীকৃতি হারাল, যখন দেশটি গত তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হাম সংক্রমণের মুখে পড়েছে। রয়টার্স বলছে, ২০২৫ সাল থেকে দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। এ সময়ে টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে মানুষের অনীহা বেড়ে যাওয়ার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই হামের টিকার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন।

পিএএইচওর মূল্যায়নে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া মহামারিসংক্রান্ত ও পরীক্ষাগারভিত্তিক তথ্য পর্যালোচনা করা হয়েছে। দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের ধরন টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে ছড়িয়েছে কি না, তা যাচাই করা হয়। কারণ, এ ধরনের ধারাবাহিক সংক্রমণ স্থানীয়ভাবে ভাইরাসের বিস্তারের প্রমাণ হিসেবে বিবেচিত হয়; আমদানি করা সংক্রমণের ক্ষেত্রে এমনটি হয় না।

এর আগে কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের পর্যালোচনার পর হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেলেও সংস্থাটির আঞ্চলিক শাখা পিএএইচওর সদস্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক এরিকা শোয়ার্টজ সিদ্ধান্ত ঘোষণার আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারালেও সংস্থাটির কার্যক্রমে পরিবর্তন আসবে না। টিকাদানে উৎসাহিত করতে অঙ্গরাজ্যগুলোর সঙ্গে আগের মতোই কাজ করবে তারা।

চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য, নিউইয়র্ক সিটি ও কলাম্বিয়া জেলায় ৫ হাজার ১৮২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিডিসি। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। ফলে কয়েক দশকের মধ্যে দেশটিতে হাম সংক্রমণের অন্যতম বড় পুনরুত্থান ঘটেছে।

নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রুয়ার বলেন, হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। এত বিপুলসংখ্যক মানুষের আক্রান্ত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি হামবিষয়ক একটি স্বাধীন উপদেষ্টা প্যানেলের প্রধান। মঙ্গলবার পিএএইচওর কাছে যুক্তরাষ্ট্রের হাম পরিস্থিতি নিয়ে সিডিসির প্রতিবেদন এবং প্যানেলের মূল্যায়ন তুলে ধরেন তিনি।

সিডিসির প্রতিবেদনটি এখনো গোপন রাখা হয়েছে। তবে সংস্থাটির অনুসন্ধানের সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টানা ১২ মাস হাম ভাইরাসের সংক্রমণ চলার বিষয়টি নিশ্চিত করেছে সিডিসি।

২০০০ সালে হাম নির্মূলের স্বীকৃতি পেয়েছিল যুক্তরাষ্ট্র। কোনো দেশের অন্তত ৯৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়, যা হার্ড ইমিউনিটি নামে পরিচিত। এতে টিকা নিতে অক্ষম ব্যক্তিরাও সুরক্ষা পান।

হামের টিকার দুটি ডোজ সংক্রমণ প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। এই ভাইরাসের সংক্রমণে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মহামারিবিদ্যার অধ্যাপক উইলিয়াম মস বলেন, হাম নির্মূলের স্বীকৃতি হারানো জনস্বাস্থ্য খাতে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য বড় ধাক্কা। এতে অন্য দেশগুলোও নিরুৎসাহিত হতে পারে।

তার মতে, এর ফলে যুক্তরাষ্ট্রে বড় ধরনের সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, যা মানুষকে অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে ফেলবে।

হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পেতে হলে কোনো দেশকে সংক্রমণ পুরোপুরি বন্ধ করার পাশাপাশি অন্তত টানা ১২ মাস নতুন করে প্রাদুর্ভাবমুক্ত থাকতে হবে।